২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুরের বক্তব্যে বিরোধী দল ও সুশীল সমাজে তীব্র প্রতিক্রিয়া

বামপন্থি রাজনৈতিক দল ও সুশীল সমাজের উদ্যোগের ব্যাপারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান যে বক্তব্য রেখেছেন তাতে সরকার বিরোধী রাজনৈতিক দল ও সুশীল সমাজের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বিডিনিউজের সাথে আলাপকালে ১৪ দলভূক্ত নেতাদের ব্যাপারে মন্তব্য করার জন্য বাম দলের নেতারা সাইফুর রহমানের কঠোর সমালোচনা করেন।

অর্থমন্ত্রী মঙ্গলবার সুশীল সমাজের সদস্য ও ১৪ দলভূক্ত বাম দলের নেতাদের উদ্দেশ্য করে বলেন, বিবৃতি দেওয়া ছাড়া তাদের কোনও কাজ নেই।

তিনি পরিকল্পনা কমিশনের কার্যালয়ে বিএএসআইসির চেক হস্তান্তর অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, নাগরিক কমিটির কোনও কাজ নেই। তারা বিনামূল্যে বক্তব্য দিয়ে বেড়ায় এবং শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বৈঠক করেন।

তিনি নাগরিক কমিটিকে একটি ‘স্বঘোষিত’ সংগঠন হিসেবে উল্লেখ করেন এবং সংসদে ১৪ দলের উল্লেখযোগ্য প্রতিনিধি নেই বলেও তিনি জানান।

তিনি বলেন, যে দল পাঁচ শতাংশ ভোটও পায় না সে দল কোনও রাজনৈতিক দলই নয়।

এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজকে বলেন, সাইফুর রহমান দেশের বাম রাজনৈতিক দলগুলোর অবদানের ফলেই আজ অর্থমন্ত্রী।

তিনি বলেন, ১৯৭৯ সালে তিনি যখন টেকনোক্রাট মন্ত্রী আমি তখন নির্বাচিত সংসদ সদস্য। জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করে ১৯৮২ সালে তাকে জেলে পাঠানোর পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাইফুর রহমান কীভাবে হাউমাউ করে কেঁদেছিলেন তা আমার এখনও মনে আছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) নির্বাহী সভাপতি মইনুদ্দিন খান বাদল বিডিনিউজকে বলেন, অপ্রাসঙ্গিক মন্তব্য করার জন্য সাইফুর রহমান বিখ্যাত এবং বাম রাজনৈতিক দল সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন সেটা ‘ভীমরতি’ ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, জাসদই দেশের প্রথম বিরোধী দল।

নাগরিক কমিটির ব্যানারে সুশীল সমাজের উদ্যোগের ব্যাপারে অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উদ্যোগ সম্পর্কে ‘পর্যাপ্ত জ্ঞান’ না থাকায় অর্থমন্ত্রী নাগরিক কমিটি সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছেন।