লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদ করেছেন বিশিষ্ট নাগরিকরা
বাংলাদেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ বুধবার এক যুক্ত বিবৃতিতে লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তারা একইসঙ্গে এ হামলা অবিলম্বে বন্ধ করার দাবি এবং এর বিরুদ্ধে সারা বিশ্বের শুভ বুদ্ধির মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ফিলিস্তিন -- ইরাক সংহতি পরিষদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের পর সম্পূর্ণ বিনা উস্কানিতে লেবাননে হামলা এবং সিরিয়ায় আগাম আক্রমণের ইঙ্গিত দিয়ে ইসরায়েলি বাহিনী এটাই প্রমাণ করেছে যে, মার্কিন সাম্রাজ্যবাদের নীল নকশা অনুযায়ী তারা পুরো মধ্যপ্রাচ্যে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, অধ্যাপক সরদার ফজলুল করিম, অধ্যাপক কবির চৌধুরী, কবি শামসুর রাহমান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কেএএম সা’দ উদ্দিন অধ্যাপক খান সারোয়ার মুর্শিদ, ভাষা সৈনিক আব্দুল মতিন, বিচারপতি কেএম সোবহান, কলিম শরাফী, সাংবাদিক কে জি মুস্তফা, ফয়েজ আহমেদ, কামাল লোহানী প্রমুখ।
