২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের ভিত্তিতে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, বিএনপি--জামাত জোট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গদি রক্ষার কাজে ব্যবহার করছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত অর্থসম্পদ আগামী নির্বাচনে জনগণের ভোট চুরির কাজে ব্যবহার করবে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

তাই জোটের ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির মুক্তির জন্য সংস্কারের ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে।  

সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে নওগাঁ ও নাটোরের জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সংস্কার ব্যতিরেকে এবং বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

জোট সরকারকে ‘লুটেরা-সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ক্ষমতাসীনরা সীমাহীন অত্যাচার নির্যাতন, লুটপাট ও ঘুষ দুর্নীতির মাধ্যমে দেশকে তছনছ করে দিয়েছে। এদের হাত থেকে দেশকে বাঁচাতে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। লুটেরা ভোট চোরদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। 

র‌্যাবের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতা কর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে তাদের সন্ত্রাসী বানানো হচ্ছে।

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনের আগেও একই ধরনের সন্ত্রাসী আখ্যা দিয়ে তালিকা তৈরি করা হয়েছিল। যাতে জিল্লুর রহমানের মতো নেতার নাম ঢুকিয়ে সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছিল।

র‌্যাব দিয়ে ক্রসফায়ায়ের নামে মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়ে শেখ হাসিনা বলেন, বিনা বিচারে মানুষ হত্যা সংবিধান বহির্ভূত। এ ধরনের খুন অনৈতিক এবং জঘণ্য অপরাধ। অপরাধী যেই হোক, আইনের আওতায় এনে তার বিচারের ব্যবস্থা করতে হবে।

বাংলাভাই ও শায়খ রহমানসহ জঙ্গি জেএমবি ও সন্ত্রাসীদের ক্রসফায়ারে না দেওয়ায় বিষ্ময় প্রকাশ করে তিনি বলেন, রিমান্ডের নামে তাদের জামাই আদরে রাখা হচ্ছে। অথচ ছাত্রলীগের ছেলেদের ক্রসফায়ারের নামে হত্যা করা হচ্ছে।

বিরোধী দলীয় নেতা বলেন, জোট সরকার শেষ বেলায় এসে লুটপাট চালাচ্ছে। সরকারের মন্ত্রী - এমপি ও নেতারা লুটপাটের মাধ্যমে অগাধ সম্পদের মালিক হয়েছে।

তিনি প্রতিটি এলাকার সন্ত্রাসী ও লুটপাটকারীদের তালিকা তৈরির জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, লুটপাট করা এই টাকা জনগণের। এতে জনগণের হক আছে। লুট করা এই টাকা উদ্ধার করতে হবে। তাদের কাছ থেকে যত বেশি সম্ভব দুর্নীতির টাকা বের করে আনতে হবে। কিন্তু ভোটের সময় যেন চুরি করে তারা ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।