২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোববার সকালে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-- পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫জন ছাত্র আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

শনিবার ছাত্র শিবিরের এক কর্মির ওপর ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মিরা যৌথভাবে হামলা চালায়। ওই ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতারা জানান, এসময় তাদের ১০ জন কর্মি আহত হয়। এর মধ্যে সাতজনকে সেন্ট্রাল হাসপাতাল ও দুজনকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে শিবির সভাপতি নাঈম বলেন, শিবির কর্মী মাসুদ, মোহাম্মদ উল্লাহ, রবিউল ইসলাম, জিয়াউল হক, তানভীর আনোয়ার, আশরাফ আলী এবং মহিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার সকালে এক শিবির কর্মিকে মারধরের জের ধরে রোববার সকাল থেকে দলের কর্মিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়।

শিবিরের চ্যালেঞ্জের মুখে ছাত্রলীগ নেতাকর্মিরা বেলা ১২টার দিকে ক্যাম্পাসে অবস্থান নেয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মিরা শিবির কর্মিদের ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এর আগে শনিবার ছাত্রলীগ নেতা জাহিদ, ইমন এবং ছাত্রদল নেতা আরিফ ও খোকন মিলে শিবির কর্মি রবিউলকে মারধর করে।

এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।