২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে ময়মনসিংহের মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে অভিযোগ আনলেন দলের নেতারা

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে আগামী নির্বাচনকে সামনে রেখে সাবেক জেলা মন্ত্রী, সাংসদদের বিরুদ্ধে অভিযোগ এবং দলীয় কোন্দল নিরসনের দাবি করলেন ময়মনসিংহ দক্ষিণ জেলার তৃণমূল পর্যায়ের বিএনপি’র নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

প্রধানমন্ত্রী নেতাদের অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীর নাম ভোটার তালিকাভূক্তির জন্যও নির্দেশ দেন।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হেয়ার রোডের কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ময়মনসিংহ দক্ষিণ জেলার তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে কথা বলেন।

জেলার সাতটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির সাংসদ রয়েছেন। এদের মধ্যে সাংসদ দেলোয়ার হোসেন খান দুলু ছাড়া সকল সাংসদ, জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম - আহ্বায়করা বৈঠকে যোগ দেন। দুলু দেশের বাইরে আছেন।

এ সময় সিনিয়র যুগ্ম - মহাসচিব তারেক রহমানসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী প্রথমে মাঠ পর্যায়ের নেতাদের সাথে কথা বলেন এবং পরে সাংসদ ও গত নির্বাচনে দলীয় প্রার্থীদের সাথে কথা বলেন।

তিনি তাদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ, এলাকার উন্নয়ন, দলীয় কোন্দল ও রাজনৈতিক অবস্থা এবং বিরোধী দলের প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নেন।

বৈঠকে যোগ দেওয়া নেতারা পরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীকে তারা এলাকার কোন্দল নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

তারা জানান, সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন জেলা বিএনপির সভাপতি হলেও জেলা মন্ত্রীর দায়িত্বে থাকাকালে তার সাথে স্থানীয় সাংসদ ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সম্পর্ক ভালো ছিল না। তাই এলাকায় তেমন উন্নয়ন হয়নি।

তারা অভিযোগ করেন, এ কারণে জেলায় দলীয় কোন্দল ও মতবিরোধ চরমে রয়েছে। এ অবস্থায় নির্বাচন হলে দলীয় প্রার্থীদের ভরাডুবির সম্ভাবনা রয়েছে। তাই নির্বাচনের আগেই জেলার বিরোধ নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়াও তারা প্রধানমন্ত্রীর কাছে বিদ্যুতের সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দুর্নীতি ও জেলা নেতাদের স্বজনপ্রীতির ব্যাপারে অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ ব্যাপারে মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নেতাদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে শুনেছেন। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে তাকে কেন্দ্রের সাথে যোগাযোগ রাখতে এবং জেলার রাজনৈতিক অবস্থা ভালো করার নির্দেশ দিয়েছেন। তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীর নাম ভোটার তালিকাভূক্তির জন্যও নির্দেশ দেন।

প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী গত ৮ জুলাই বরিশাল অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলেন।