জোট উৎখাত হলেই জঙ্গিবাদ উৎখাত হবে, দ্রব্যমূল্য কমবে: ‘ভোট চুরি’ প্রতিরোধের আহ্বান জানিয়ে হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও জোট সরকারের পতন ঘটানো এবং ভোট চুরি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকারকে উৎখাত করতে পারলেই আমরা জঙ্গিবাদ উৎখাত করতে পারবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারবো।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সেখানকার ছাত্র, শিক্ষক ও কর্মচারিদের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি জামাত জোট ভোট চুরি করে আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে-- এ অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, যে নির্বাচন ফলাফল আগে থেকেই প্রস্তুত করা থাকে, এমন ভোট চুরির নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। সংস্কার মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণ কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ নির্বাচন হতে দেবে না।
জোটকে আপদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ এখন দিন গুণছে, এ আপদ কখন দূর হবে।
ক্ষমতার শেষ সময়ে এসে সরকারি দল শেষ লুটপাট করছে-- অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, তারা সংবিধান, আইন, রীতি নীতি কিছুই মানে না। গায়ের জোরে দেশ চালাচ্ছে তারা। সাড়ে চার বছরে তারা জনগণের ২ লাখ ৮৬ হাজার টাকা লুটে নিয়েছে। বাজেটে থোক বরাদ্দের নামে লুটপাট চালাচ্ছে। অন্যদিকে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে নিজেরা অর্থ সম্পদের পাহাড় গড়ছে। আর দেশের মানুষ খাবার না পেয়ে শুকিয়ে কাঠ হচ্ছে।
শেখ হাসিনা বলেন, গত জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগের ভোট চুরি করে জাতীয়তাবাদী জামাত জোটকে ক্ষমতায় বসিয়েছিল, তারাও এখন বুঝছে জোটের কতো ঝাঁঝ! প্রধানমন্ত্রীর ঝাঁঝ যে কতো তা বোঝা যায়, দেড়শ টাকা কেজি মরিচের দামেই।
আওয়ামী লীগ প্রধান ‘জোটকে ক্ষমতায় আসতে সহায়তাকারীদের’ উদ্দেশে বলেন, হাওয়া ভবনের টাকায় আপনারা জাতীয়তাবাদী জামাতিদের ক্ষমতায় বসিয়েছিলেন। এখন তওবা করুন, ভবিষ্যতে আর অমন অপকর্ম করবেন না।
ভোট চুরির ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিটি ভোটারকে প্রতিজ্ঞা করতে হবে-- এবার আর ভোট চুরি করতে দেব না। দেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগকেই ভোট দেবে মানুষ। আর জোট দুঃশাসনকে উৎখাত করা গেলে দেশের মানুষের শান্তি ফিরে আসবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা হবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও ড. আব্দুর রাজ্জাক এমপি, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা অধ্যাপক শাহদাত উল্লাহ্, ড. নুরুল ইসলাম, ড. শহিদুর রশিদ ভুঁইয়া, ড. হযরত আলি, ছাত্রনেতা এএসএম নাসির উদ্দিন কাওসার ও কর্মচারি নেতা আব্দুল হাই বক্তব্য রাখেন।
