বরিশাল বাবুগঞ্জে বিএনপি সভাপতিকে বহিষ্কারের ঘটনায় বিক্ষোভ, অবরোধ
বরিশাল জেলার বাবুগঞ্জে থানা বিএনপি সভাপতি মাধবপাশা ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খানকে দল থেকে বহিষ্কারের জের ধরে বিক্ষোভ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হলেও স্থানীয়রা তার বহিষ্কারের ব্যাপারে স্থানীয় সাংসদকে দায়ী করেছেন।
বরিশাল-২ আসনের সাংসদ কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সভাপতির বহিষ্কারের ঘটনাটিকে কেন্দ্রের সিদ্ধান্ত বলে জানিয়েছেন।
শুক্রবার সকালে সুলতান আহমেদের বহিষ্কারের সংবাদ তার নির্বাচনী এলাকা মাধবপাশায় ছড়িয়ে পড়লে তার সমর্থকরা মাধবপাশা বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বরিশাল, মাধবপাশা, বানারীপাড়া ও স্বরূপকাঠী সড়ক অবরোধ করে রাখে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি।
সুলতান আহমেদ জানান, বাবুগঞ্জের উন্নয়নমূলক কাজের টাকা সাংসদের দুই ভাই এবং শ্যালক মিলে লুটপাট করে নিয়েছে। তিনি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করলেও সাংসদ এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ নেননি। তাকে বহিষ্কারের সঙ্গে এর একটা যোগাযোগ থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
