২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য শেখ হাসিনাকে প্রধান নির্বাচন কমিশনারের অভিনন্দন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ বৃহস্পতিবার চলমান ভোটার তালিকা হালনাগাদ কাজের বিষয়ে দলীয় নেতা--কর্মীদের নির্দেশনা দেওয়ার জন্য বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ কাজের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের চলমান ধর্মঘট কর্মসূচির প্রেক্ষিতে কৃষি ব্যাংক ও কৃষি মন্ত্রণালয়ের ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা--কর্মচারীদের হালনাগাদ কাজে নিয়োগের পরিকল্পনা করছে।

নগরীর শের-ই-বাংলা নগরের এনইসি মিলনায়তনে বৃহস্পতিবার সচিব পর্যায়ের এক বৈঠকে ভাষণদানকালে সিইসি এ কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদের কাজ গতিশীল করার জন্য নির্বাচন কমিশন ওই বৈঠক আহ্বান করেন।

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র, সংস্থাপন, তথ্য, এলজিআরডি, শিক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ছয় বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ ৮৩ জন রেজিস্ট্রেশন কর্মকর্তা (আরও) বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।

সিইসি’র কথা উল্লেখ করে সরকার বলেন, চলমান ভোটার তালিকা হালনাগাদ কাজের বিষয়ে খোঁজ রাখতে দলীয় কর্মীদের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ।

সিইসি বৈঠকে বলেন, বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ। তার আহ্বান হালনাগাদ কাজ সফল করে তুলতে সাহায্য করবে।

শেখ হাসিনার পদক্ষেপ অনুসরণ করে অন্য রাজনৈতিক দলগুলোও ভোটার তালিকা হালনাগাদ কাজে নির্বাচন কমিশনকে সহায়তা করতে এগিয়ে আসবে বলেও সিইসি আশাবাদ ব্যাক্ত করেন।