২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে তৃণমূল পর্যায়ে ক্র্যাশ প্রোগাম নিয়ে এগোবে ১৪ দল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সরকারবিরোধী চলমান আন্দোলনকে আরও বেগবান এবং এতে ব্যাপকতর জনগণকে সম্পৃক্ত করতে নতুন আন্দোলন কৌশল গ্রহণ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পরবর্তি তিন মাসে আন্দোলনকে বি¯তৃত করতে থানা পর্যায় পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠ পর্যায়ে নির্বাচনের ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে চায় তারা। এবার তৃণমূল পর্যায় পর্যন্ত ‘ক্র্যাশ প্রোগ্রামের’ মধ্য দিয়ে ‘মাঠ পরিষ্কার’ করতে চায় বিরোধী দল।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বিডিনিউজকে জানিয়েছে, কেন্দ্রীয়ভাবে মহাসমাবেশ, লংমার্চ বা পদযাত্রা, গণসংযোগ, পথসভা ছাড়াও স্থানীয় পর্যায়ে একের পর এক ঘেরাও, অবরোধ, বিক্ষোভসহ নতুন আন্দোলন কর্মসূচি দেবে ১৪ দল।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে জাতীয়ভাবে পালিত কর্মসূচিগুলোতে কিছুটা পরিবর্তন এনে এবার স্থানীয় পর্যায়ে তা পালন করে আগামী নির্বাচনের ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে চায় বিরোধী জোট।

আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে ১৪ দলের অন্যতম শীর্ষ নেতা এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিডিনিউজকে বলেন, জাতীয় পর্যায়ে আন্দোলনের পাশাপাশি আমরা নিু স্তরে মাঠ পরিষ্কারের সংগ্রাম করবো। প্রয়োজনে সারা দেশে অসংখ্য ‘কানসাট’ তৈরি হবে। কিন্তু চার দলীয় জোটের সন্ত্রাসী, কালো টাকার মালিক, দালাল দুর্নীতিবাজ প্রশাসন এবং মন্ত্রী এমপিদের দখল থেকে রাজনীতিকে মুক্ত ও নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবো আমরা।

এদিকে আওয়ামী লীগসহ ১৪ দলের পরিধি বাড়ানো এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এএইচএম এরশাদকে জোটে নেয়ার সম্ভাবনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইনু বলেন, অবৈধ ক্ষমতা দখল, সংবিধান লংঘন, দুর্নীতি, হত্যা -- খুনসহ জঘণ্য অপরাধের মামলা প্রত্যাহারের শর্ত দিয়ে এরশাদকে জোটে নেয়ার কোনো সুযোগ নেই। মামলা প্রত্যাহারের অঙ্গীকার কেউ দিতে পারেন না।

তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মামলা প্রত্যাহার করেননি। আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নিষ্ঠাবান থেকেছেন তিনি। এখনও তিনি তার ওই অবস্থানের বাইরে যাবেন বলে আমি বিশ্বাস করি না।  

জাসদ সভাপতি বলেন, জাতীয় পার্টি রাজনৈতিক দল। আর এরশাদ হচ্ছেন ব্যক্তি। সেক্ষেত্রে আন্দোলনের পার্টনার নয়, এমন কেউ নির্বাচনের মিত্র হতে পারে না।

পিঠের চামড়া বাঁচানোর জন্যে যারা খালেদা জিয়ার আাঁচলের নিচে আশ্রয় নিচ্ছে তারা আন্দোলন ও নির্বাচনের নিয়ামক হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ইনু।

অপর এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ১৪ দল একটি আদর্শিক মোর্চা। এই মোর্চায় রাজনৈতিক কোনো বিভ্রান্তি আছে বলেও আমি মনে করি না। আর আদর্শিক এই জোটে ভাঙনের কোনো সুযোগও নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, জোট সরকার যেন--তেনভাবে নির্বাচনের চেষ্টা চালাতে পারে। কিন্তু ১৪ দল এমন কোনো একতরফা নির্বাচন মেনে নেবে না। আর সরকার ওই পথে গেলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। সংস্কার আদায় করেই দেশে নির্বাচন হবে।