২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ৪৬ দিন পর অফিস করলেন, শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত মঙ্গলবার

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ রোববার প্রায় এক ঘন্টা অফিস করেছেন। তিনি ৪৬ দিন পর আবার কাজে যোগ দিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এদিকে সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগ্রহের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ১১ জুলাই মঙ্গলবার বেলা ১২ টার সময় তাকে সৌজন্য সাক্ষাতের সময় দিয়েছেন।

বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি সকাল ১১ টা ৫৫ মিনিটে তার বঙ্গভবনের কার্যালয়ে আসেন এবং একঘন্টা পাঁচ মিনিট অফিস করে তার বাসভবনে ফিরে যান।

তিনি এ সময় কিছু সরকারি ফাইল, বিশ্ব জনসংখ্যা দিবসের বাণী এবং রাষ্ট্রদূতের এগ্রিমো সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি বঙ্গভবনের অফিসে এসে পৌঁছালে তার সচিব এএফএম. সোলায়মান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ তার আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান এবং তার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখলেসুর রহমান চৌধুরী জানান, অসুস্থ হওয়া মাত্র জরুরীভিত্তিতে ঢাকা সিএমএইচ ও সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসার সকল ব্যবস্থা নেওয়ায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সরকারকে ধন্যবাদ জানান।

এছাড়াও তার চিকিৎসার খোঁজ -- খবর নেওয়ার জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শুভানুধ্যায়ী  ও আতœীয় স্বজনকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, চিকিৎসা শেষে দায়িত্বভার গ্রহণ করায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার টেলিফোনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতি তার অসুস্থতার সময়ে দায়িত্ব পালন করার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি ১১ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে তার সাথে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন বলে প্রেস সচিব জানান। শেখ হাসিনা চিকিৎসাধীন রাষ্ট্রপতির সঙ্গে সুবিধাজনক সময়ে সাক্ষাত করতে চেয়েছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব আরও জানান,  চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাষ্ট্রপতি বিশ্রাম ও চিকিৎসার পাশাপাশি হালকা কাজ করতে পারবেন। তার দর্শণার্থীও সীমিত রাখতে হচ্ছে।  সীমিত দর্শণার্থীর মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা এবং চিকিৎসার সংশ্লিষ্টরা রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করেছেন। অন্য দর্শণার্থীদের রাষ্ট্রপতি পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে।

২৬ মে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির বাইপাস সার্জারী করা হয়। চিকিৎসা শেষে ২০ জুন তিনি দেশে ফেরেন।

রাষ্ট্রপতির প্রটোকল ছাড়াই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়।

একইদিন সিএমএইচে শুধু প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া আর কাউকে তার সঙ্গে সাক্ষাত করতে দেওয়া হয়নি। সিএমএইচে তিন দিন অবস্থানের পর রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরলেও সর্বশেষ বৃহস্পতিবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তার অবর্তমানে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।