নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন করবে
নির্বাচন কমিশন আগের সিদ্ধান্ত থেকে নাটকীয়ভাবে সরে এসে এখন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সমাজের বিভিন্ন শ্রেণী, পেশার ব্যক্তিবর্গ ও বিভিন্ন মহল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করার কথা বলেছেন। আর এভাবে কাজটি সফলভাবে করা সম্ভব বলে তারা মত দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভোটার তালিকা বিধিমালা ১৯৮২ এর (২০) বিধির বিধান প্রয়োগ শিথিল করে ৬ জুলাই ২০০৬ তারিখে সংশোধনীর মাধ্যমে নতুন বিধি সংযোজন করেছে।
বিধিমালায় নতুন বিধি সংযোজনের ফলে নির্বাচন কমিশন বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ এর লক্ষ্যে বর্তমানে গৃহীত ব্যবস্থার পাশাপাশি বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচন কমিশন ভোটার তালিকা বিধিমালা, ১৯৮২ অনুযায়ী বিদ্যমান ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ, ভুল সংশোধন ও কর্তন সংক্রান্ত যে কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করেছে তাতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কোনো সুযোগ ছিল না।
ফলে নির্বাচন কমিশন এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণের জন্য রেজিস্ট্রেশন অফিসার/সহকারী রেজিস্ট্রেশন অফিসারকে তার অফিসে, সংশ্লিষ্ট ইউনিয়ন, পৌরসভা, অফিসে বা ওয়ার্ড অফিসে বা সিটি করপোরেশনের ওয়ার্ড অফিসে অথবা ওয়ার্ডের অন্তর্গত কোন সুবিধাজনক অবস্থানে থেকে সম্পন্ন করার নির্দেশ প্রদান করে।
