সংসদে পয়েন্ট অব অর্ডারে রাষ্ট্রপতি ইস্যুতে প্রানবন্ত আলোচনা
রাষ্ট্রপতির স্বাস্থ্যের অবস্থা ও দায়িত্ব বহন এবং প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের যোগ না দেওয়া নিয়ে বুধবার সংসদে প্রায় ৩০ মিনিট প্রাণবন্ত আলোচনা হয়েছে।
এ বিতর্কে সরকারের তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ছয়জন অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দেশে রাষ্ট্রপতি নিয়ে কোনো সংকট নেই। দেশ ও সরকার সংবিধান অনুযায়ীই চলছে।
রাষ্ট্রপতি অপসারণের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি সুস্থ্য হয়ে উঠলেই তার দায়িত্ব গ্রহণ করবেন। অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদই রাষ্ট্রপতি থাকবেন। স্পিকার তার কাছে দায়িত্ব হস্তান্তর করে তার নিজ দায়িত্বে ফিরে আসবেন।
আইনমন্ত্রী বলেন, সরকার সংবিধানের বাইরে কিছু করবে না। এ নিয়ে বিরোধী দলের উদ্বেগ উৎকন্ঠা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।
এর আগে আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত পয়েন্ট অব অর্ডারে বলেন, রাষ্ট্রপতির কাজ হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ। এছাড়া বর্তমান ব্যবস্থার সব কাজই করেন প্রধানমন্ত্রী। কিন্তু চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পরও রাষ্ট্রপতিকে তার দায়িত্ব না দিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে অপসারণের আশঙ্কা ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতির শারিরীক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক সুস্পষ্ট বক্তব্যসহ সাক্ষাৎকার দিয়েছেন। তারপরও তাকে দায়িত্ব দেওয়ায় এ আশঙ্কা দেখা দিয়েছে। শোনা যায় রাষ্ট্রপতি গৃহবন্দী রয়েছেন। তাকে বাদ দিয়ে সরকার রাজনৈতিক দুরভিসন্ধির অংশ হিসেবে দলবাজির জন্য দলীয় অনুগত একজনকে আনতে চায়।
তিনি রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সরকার ও বিরোধী দলের সদস্যদের একযোগে বঙ্গভবনে যাওয়ার দাবি জানান।
সুরঞ্জিত সেন গুপ্তের বক্তব্যের জবাবে বিএনপির সাখাওয়াত হোসেন বকুল বলেন, রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে জাতিকে বিভ্রান্ত করতেই বিরোধী দল এ ধরনের বিতর্কের সৃষ্টি করছে। অথচ তারাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সম্মান করেনা।
তিনি প্রধানমন্ত্রীর প্রশ্ন্ত্তোর পর্ব বর্জন করায় বিরোধী দলের সমালোচনা করেন।
আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা চালু করেছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এবং যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান আলোচনায় অংশ নেন।
