২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহম্মদ বলেছেন, সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে দেশের সব খাতে ন্যায়পাল নিয়োগের চিন্তাভাবনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তিনি বলেন, একজন মাত্র ন্যায়পালের পক্ষে সব সরকারি খাতের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা অসম্ভব, যে কারণে সরকার সব খাতেই ন্যায়পাল নিয়োগের চিন্তাভাবনা করছে।

বুধবার নগরীতে নারী সাংবাদিকদের সাথে আয়োজিত মুখোমুখী আনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরাই সর্বপ্রথম কর ন্যায়পাল নিয়োগ করেছি। যা বর্তমান সরকারের জন্য একটি স্মরণীয় অর্জন। উন্নয়ন সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) ওই অনুষ্ঠানের অয়োজন করে।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের শারীরিক অবস্থা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমিরউদ্দিন সরকার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার হস্তান্তর করবেন। এখানে সংবিধান লংঙ্ঘন করার কোন সুযোগ নেই।

নির্বাচন কমিশন বিষয়ে এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। 

বিরোধী ১৪ দলীয় জোটের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, এটা সেই একই পুরানো খেলারই অংশ। আওয়ামী লীগ আবু সাঈদকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সময়ও আমরা একই খেলা খেলেছিলাম।

মওদুদ বলেন, বিএনপি ও আওয়ামী লীগ এরই মধ্যে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। যদি লক্ষ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

সংস্কার প্রস্তাব নিয়ে চিঠি চালাচালির বিষয়ে আলোচনা না হওয়ার জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করে তিনি বলেন, তারাই (আওয়ামী লীগ) এই অচলাবস্থার জন্য দায়ী। এটা তাদের একগুয়েমি ছাড়া আর কিছু নয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক সামরিক শাসক রাষ্ট্রপতি এরশাদের বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনাটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। তবে এরশাদ ক্ষমতাসীন জোটে যোগ দিচ্ছেন কিনা এ বিষয়ে জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।