বিনামূল্যে কৃষি বীজ সরবরাহের কোন পরিকল্পনা সরকারের নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার সংসদে বলেছেন, কৃষকদের বিনামূল্যে কৃষি বীজ সরবরাহের কোন পরিকল্পনা সরকারের নেই তবে স্বল্পমূল্যে বীজ ও সারসহ অন্যান্য পণ্যের সরবরাহের ব্যবস্থা সরকার করেছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলে সেক্ষেত্রে সরকার বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ ও সার সরবরাহ করে।
বিএনপি সাংসদ হাবিবুর রহমান হাবিবের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের জবাবে দেন।
প্রধানমন্ত্রী জানান, কৃষি খাতে ক্রমবর্ধমান হারে ভর্তূকি দেয়ায় দেশে এবছর খাদ্য শস্য উৎপাদন বেড়ে ২৮ দশমিক ৮৮ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। ২০০৪-০৫ অর্থবছরে এর পরিমান ছিল ২৬ দশমিক ৭১ মিলিয়ন মেট্রিক টন।
তিনি আরও বলেন, চলতি অর্থ বছরে কৃষিখাতে ভর্তূকির পরিমান নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ কোটি টাকা। পূর্ববর্তী সরকারের আমলে এর পরিমান ছিল ১শ’ কোটি টাকা।
জাতীয় পার্টির মসিউর রহামান রাঙ্গার এক সম্পুরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষি পণ্যের বিপণনের দায়িত্ব সরকারের নয়। কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বর্তমানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেয়ে কৃষি উৎপাদনে আরও উৎসাহিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিএনপি’র মুহাম্মদ গিয়াসউদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার অনুৎপাদনশীল খাতে ব্যয় সংকোচন করায় ২০০৫--০৬ অর্থবছরের বাজেট ঘাটতি জিডিপির তিন দশমিক নয় শতাংশ দাড়িয়েছে। যা ১৯৯৯--২০০০ অর্থবছরের ছয় দশমিক এক শতাংশ ছিল। এর পর ২০০৪--০৫ সালে তা কমে দাঁড়ায় চার দশমিক পাঁচ শতাংশ।
তিনি আরও বলেন, প্রথমবারের মতো ২০০৩--০৪ অর্থ বছরে দেশে মাথাপিছু জিডিপি এবং জাতীয় আয় যুগপৎ ৪শ’ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। ২০০৫--০৬ অর্থবছরে মাথাপিছু জিডিপি ও জাতীয় আয় যথাক্রমে ৪৫৬ ও ৪৮২ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বিএনপি সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের এক সম্পুরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে আ’লীগ মুক্তিযোদ্ধাদের খেতাব দেওয়ার ক্ষেত্রে কিছু অনিয়ম করেছে। জোট সরকার মেজর জলিল, কর্ণেল তাহেরসহ খেতাব বঞ্চিত মুক্তিযোদ্ধাদের খেতাব দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে।
