৯ জুলাই সারাদেশে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ
আওয়ামী লীগসহ ১৪ দল আগামী ৯ জুলাই রোববার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার, সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) সহ দুই নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এবং গত ৪ জুলাই হরতালে পুলিশের নির্যাতন গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
গত ২ জুলাই সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোস্তফা মিলন হত্যার জন্য সরকারকে দায়ী করে আমু বলেন, পুলিশ তার মরদেহ ছিনতাই করে বিনা গোসলে দাফন করেছে।
সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাজনীতিই এই হুমকির জন্য দায়ী। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে দেশ থেকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে হবে।
সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
