২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি বন্ধ করতে বলেছেন: তারেক রহমান

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার কথা অনুযায়ী প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রপ্তানি বন্ধ করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান মঙ্গলবার এ অভিযোগ করেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তারেক রহমান বলেন, শেখ হাসিনার ভারত সফরের দুই দিনের মাথায় ভারত সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাংলাদেশে রপ্তানি তিন মাসের জন্য বন্ধ ঘোষণা করে। তিনি আরও অভিযোগ করেন, একইভাবে তারা (আওয়ামী লীগ) বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশে পণ্য পাঠানো বন্ধ করতে বলছে।

চাঁদপুর জেলায় তিন দিনব্যাপী সাংগঠনিক কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তারকে রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জেলায় জেলায় গডফাদার সৃষ্টি করেছে, কিন্তু বিএনপি সন্ত্রাস দমনে সফলতা দেখিয়েছে।

তিনি বলেন, বিএনপি দেশকে সচল রাখার রাজনীতি করে, আর আওয়ামী লীগ দেশকে অচল করার রাজনীতি করে।

ক্ষমতায় থাকাকালে হরতাল আহ্বান না করা এবং আগাম নির্বাচন দেওয়ার বিষয়ে শেখ হাসিনার মন্তব্য উল্লেখ করে বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ ওয়াদা ভঙ্গকারী দল। তারা কথা দিয়ে কথা রাখে না। তারা অতীতে কথা রাখেনি, ভবিষত্যেও রাখবে না।

তারেক রহমান আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশে বহু নারী নির্যাতিত, ধর্ষিত ও মৃত্যুর শিকার হয়েছে। কিন্তু তার কোন বিচার হয়নি। আর আজ যখন তাদের নারী কর্মীরা রাস্তায় ভাংচুর করে, তখন পুলিশ বাধা দিলেই তারা পুলিশকে প্রতিরোধের ঘোষণা দেয়।

যারা এখনই মানুষের সহায় সম্পত্তি নষ্ট করে, জান নিয়ে টানাটানি করে তারা কিভাবে সুশাসন নিশ্চিত করবে বলেও তারেক উল্লেখ করেন।

এদিকে তিন দিনব্যাপী সাংগঠনিক কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার তারেক রহমান  মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখবেন।

এরআগে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় তারেক রহমান গণসংযোগ কর্মসূচি শুরু করে বাগাদী চৌরাস্তা, ফরক্কাবাদ কলেজ মাঠ, চান্দ্রা উচ্চ বিদ্যালয় মাঠ, হাইমচরের জনতা বাজার, আলগীবাজারসহ বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তার সাথে ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি এসএ সুলতান টিটু এমপি।