বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ১৪ দলের হরতাল পালিত, ৩য় লিড
রাজধানীতে পুলিশ -- পিকেটার বিক্ষিপ্ত সংঘর্ষ, লাঠিচার্জ, ধাওয়া ও ভাংচুরের মধ্য দিয়ে আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে মঙ্গলবার দেশব্যাপী সকাল -- সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
এ সব ঘটনায় ঢাকায় আহত হয় অন্তত অর্ধশত নেতা -- কর্মী। নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয় প্রায় ৫০ জনকে।
দেশব্যাপী ১৪ দলের রাজপথ, রেলপথ ও নৌ পথ অবরোধ কর্মসূিচ চলাকালে রোববার নগরীর মহাখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোস্তফা মিলন (৪৫) নিহত হন। ‘মিলন হত্যার প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের’ দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।
হরতাল চলাকালে সকাল সাড়ে ১১ টার দিকে ধানমণ্ডির রাসেল স্কোয়ার এলাকায় যুব মহিলা লীগের একটি মিছিলে পুলিশ হামলা চালায়। সেখানে পুলিশের সঙ্গে সংষর্ঘ ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ তিনজন মহিলা কর্মীকে আটক করে।
এছাড়া মহাখালী, মিরপুর, কমলাপুর, পল্টন ও মতিঝিল এলাকায় হরতাল সমর্থকদের মিছিলে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে। এ সব এলাকায় পিকেটাররা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। তবে বড় ধরণের কোনো অঘটন ঘটেনি।
হরতালের কারণে রাজধানীর সড়কগুলোতে চলাচল করছে স্বল্প সংখ্যক যানবাহন। নগরীর দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক প্রাইভেট অফিস হরতালের কারণে বন্ধ রয়েছে।
ঢাকার সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল রয়েছে বন্ধ। তবে রেল ও লঞ্চ যোগাযোগ স্বাভাবিক আছে। ঢাকার যে সব ভিআইপি সড়কে সাধারণত শুধু মোটরযান চলাচল করে, হরতালের জন্য সে সব রাস্তায় রিকশা চলছে।
হরতাল মোকাবিলায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়। তবে অন্যান্য দিনের মতো মঙ্গলবারের হরতালে তাদের তেমন মারমুখি আচরণ লক্ষ্য করা যায়নি।
বিডিনিউজ’র বরিশাল প্রতিনিধি জানান, জেলায় হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হলেও আওয়ামী লীগের ২৮ জন নেতা কর্মীর নামে মামলা করায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। মামলার কারণে বিরোধী দলের অনেক নেতা - কর্মী পলাতক রয়েছে।
হরতালের সমর্থনে বরিশালে বিরোধী দল জেলা শহরে দুপুরে বিক্ষোভ মিছিল বের করলে সরকার দলীয় ক্যাডাররা মোটরসাইকেলে করে মহড়া দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু বকরের মৃত্যুর কারণে শেরপুর জেলা হরতালের আওতামুক্ত ছিল ।
জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যূবরণ করেন। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেরপুর জেলা আওয়ামী লীগ হরতাল কর্মসূচি প্রত্যাহার করে।
