ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
ময়মনসিংহ জেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন হালুয়াঘাট উপজেলার একটি গ্রামের বাড়ির মাটির নিচ থেকে শুক্রবার সকালে বিডিআর সদস্যরা গ্রেনেড ও একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।
বিডিআর এসময় ভারতীয় উগ্রপন্থী সংগঠন উলফার সন্দেহাভাজন তিন সদস্যকেও গ্রেপ্তার করে। তারা হলো ধোবাউড়া উপজেলার উলফা নেতা সুশীল দ্রং’র শ্যালক বিমল বাজী, হালুয়াঘাট উপজেলার হাসু বাজী (৪৫) এবং তার ছেলে কবীর বাজী (২৫)।
বিডিআর জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২ টি একে-৪৭ রাইফেল ও একে-৪৭ রাইফেলের ৩১ হাজার ৫’শ ১০ রাউন্ড গুলি, ২০ টি একে-২ দশমিক ৭ ম্যাগাজিন, ১০ গ্রেনেড লাঞ্চার, ২৭ টি হ্যান্ড গ্রেনেড, ৬০ টি ১২ দশমিক ৭ এপিআই, ৩৮৬ টি ৬০এমএম মর্টার শেল, এনিমা ৯এমএম’র ৫’শ ৪৭ রাউন্ড গুলি, একটি মেশিনগান, বিপুল পরিমাণ ব্যাটারি এবং বোমা তৈরীর সরঞ্জাম।
গোপন সংবাদের ভিত্তিতে সেক্টর কমান্ডার কর্ণেল আনিসুজ্জামানের নেতৃত্বে বিডিআর সদস্যরা সীমান্ত সংলগ্ন মানিকুরা গ্রামে অভিযান চালায়। এসময় তারা হাসু বাজীর বাড়ির মাটি খুঁড়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
বিডিআর সূত্র জানায়, তারা বৃহস্পতিবার বিকেল থেকে অভিযান শুরু করে এবং শুক্রবার সকালে প্লাস্টিকের ড্রামের ভেতর রাখা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ খুঁজে পায়।
গ্রেপ্তারকৃতদের সাথে নিয়ে আরো অভিযান চালানো হচ্ছে বলেও বিডিআর কর্মকর্তারা সাংবাদিকদের জানান।
উলফা উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মালিক কিনা তা বিডিনিউজ থেকে টেলিফোনে জানতে চাওয়া হলে কর্ণেল আনিসুজ্জামান জানান তারা এখনো এ বিষয়ে নিশ্চিত নন। গ্রেফতারকৃতদের প্রসঙ্গে তিনি বলেন অস্ত্রের সাথে উলফার কোন যোগ সংযোগ রয়েছে কি না তা যাচাই করে দেখা হচ্ছে।
সেক্টর কমান্ডার জানান, যেসব গোলা বারুদ উদ্ধার হয়েছে তা চীনের তৈরি।
