জোট সরকার দেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে: শেখ হাসিনা
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন বিএনপি-জামায়াত জোট সরকার দেশে প্রচলিত সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসনের কলা-কৌশল শুরু করেছে।
দলের মাঠপর্যায়ের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে বরিশাল, ভোলা ও ঝালকাঠী জেলার নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, জোট সরকার রাষ্ট্রপতি ও সংসদ নিয়ে খেলা খেলছে। বিগত নির্বাচনে ভোট চুরি করে তারা ক্ষমতায় এসেছে এমন অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, জনগণ এবার ভোট চোরদের ধরে ফেলেছে।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর গঠিত তত্বাবধায়ক সরকারের আমল থেকেই বরিশালে বিএনপি--জামায়াত পরিবারের গডফাদাররা নির্যাতন শুরু করে। বরিশালের গডফাদার সারোয়ার ও স্বপনসহ সন্ত্রাসীদের তান্ডবে বিরোধী দলীয় নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
তিনি বলেন, এই সরকার নীতিমালা-সংবিধান কিছুই মানছে না। চাকুরীতে বদলী, হয়রানী, ওএসডি,চুক্তিভিত্তিক নিয়োগে রেকর্ড করেছে।
বাজেটে থোক বরাদ্দ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এঅর্থ জনগনের জন্য নয়। বিএনপি--জামায়াতের মন্ত্রী--এমপি ও চেলা--চামুন্ডারা তা লুটপাট করে খাবে। গত সাড়ে ৪ বছরে তারা যে শোষন করে অর্থ সম্পদের মালিক হয়েছে তা আগামী নির্বাচনে তারা ব্যবহার করবে।
শেখ হাসিনা বলেন, ভোটার তালিকা নিয়ে হাইকোর্ট -সুপ্রীম কোর্টের রায় দেয়ার পরেও তা অবমাননা করা হয়েছে। এখন রাষ্ট্রপতিকে নিয়ে নতুন খেলা চলছে।
খালেদা জিয়া ভোট চুরি ও ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে রাষ্ট্রপতি বি চৌধুরীকে তাড়িয়েছেন বলে অভিযোগ করে তিনি বলেন, সাবাশ বাংলাদেশ করে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে জনগনকে বিভ্রান্ত করেও শেষ রক্ষা পাননি বি.চৌধুরী। প্রধামন্ত্রী তাকে সাবাশ বাংলাদেশ দেখিয়ে দিয়েছেন। ধাওয়া খেয়ে রেল লাইন ধরে দৌড়িয়েছেন আর বলেছেন ‘সাবাশ ম্যাডাম’ ‘সাবাশ ম্যাডাম’।
তিনি বলেন, এরপর শতভাগ অনুগত ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এখন আর তাকেও বিশ্বাস করতে পারছেন না। তাকেও অসুস্থ বানিয়ে এক ঘরে দুই পীর বসিয়েছেন। এটা সরাসরি সংবিধান লংঘন।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া কখনই সংসদীয় গণতন্ত্র চাননি। সংসদীয় গণতন্ত্রে রাজী না হলে সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দিতে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের হুমকির পর খালেদা জিয়া রাজী হন বলে জানান তিনি।
তিনি বঙ্গবন্ধু ও জিয়া হত্যার সাথে খালেদা জিয়া জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন। জিয়া হত্যার বিচার না করিয়ে তার সরকার জিয়ার খুনি মঞ্জুর হত্যার বিচার করিয়েছেন উল্লেখ করে প্রশ্ন তোলেন, তার সাথে মঞ্জুরের কিসের সম্পর্ক?
শেখ হাসিনা আরও বলেন, প্রধানমন্ত্রীর ছেলে ও ফালুসহ মন্ত্রী-এমপিদের একটি করে টিভি চ্যানেল। এত টাকা তারা কোথায় পেল?
দলীয় নেতাকর্মীদের প্রতি লুটেরা, সন্ত্রাসী, বিশৃংখলা সৃষ্টিকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিরোধী দলীয় নেতা।
