প্রধানমন্ত্রী যা বলেন, করেন তার উল্টোটা: শেখ হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা কুক্ষিগত রাখতে এবং ভোট কারচুপির সকল প্রক্রিয়া নিজ হাতে রেখে আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন।
এখন সংসদে বলেছেন -- তিনি নাকি রাষ্ট্রপতি হতে চান না। আবার ১৫ দিন অপেক্ষাও করতে বলেছেন। কিন্তু তিনি যা বলেন, করেন তার উল্টেটাা। দেখি, ১৫ দিন পরে তিনি কোন্ তেলেসমাতি কারবার দেখান!
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দেশের দক্ষিণাঞ্চলীয় তিন জেলা বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরের জেলা, উপজেলা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, জোট সরকারের একজন রাষ্ট্রপতিকে আগেই তাড়ানো হয়েছে। আরেক জনকে বিদায়ের জন্য অসুস্থ বানিয়ে ছেড়েছেন প্রধানমন্ত্রী। এখন সত্যি কথা বলেছি বলে তার আঁতে ঘা লেগেছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি--জামাত জোট ভোট চুরির কোনো কৌশল যাতে কাজে লাগাতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে সারাদেশ থেকে লাখ লাখ মানুষকে রাজধানীতে এসে ভোট চুরি চেষ্টার প্রতিবাদ জানাতে হবে। জনগণের ভোটাধিকার হরণের সকল প্রক্রিয়া ও অপকৌশল প্রতিহত করতে হবে।
তিনি সরকার বিরোধী চলমান আন্দোলনকে অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশে কোনো নীলনকশা ও ষড়যন্ত্রের নির্বাচন এবং ভোট কারচুপি করতে দেওয়া হবে না।
বিরোধী দলীয় নেতা বুধবার জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর পদের লোভে আমি রাজনীতি করি না। আমি রাজনীতি করি দেশের মানুষের কল্যাণে।
তিনি বলেন, নীতি আদর্শ নিয়ে দেশ সেবার জন্য আমরা রাজনীতি করি। হাওয়া ভবনের মত পয়সা বানানোর লোভ আমাদের নেই। প্রধানমন্ত্রী হতে নয়, আমি দেশের মানুষের অধিকার রক্ষা করতে চাই।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, আমি দলবদল করে প্রধানমন্ত্রী হতে চাই। তিনিই (প্রধানমন্ত্রী) সব দল বদলের চ্যাম্পিয়নদের নিয়ে বিএনপি গঠন করেছেন। বর্তমান বিএনপিতে বিভিন্ন দলের ছয়জন জেনারেল সেক্রেটারি রয়েছেন। প্রথমে জাগদল, পরে জনদল, ১৯ দফা করে এখন ‘বাজা দল’ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) করেছেন। বার বার ডিগবাজী খাওয়া নেতারা বর্তমান প্রধানমন্ত্রীর চারপাশে অবস্থান করছেন।
উদীচী হত্যা মামলার রায় প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এই মামলার চার্জশিট দেওয়া হয়েছিল। জোট সরকার চার্জশিটভুক্ত একজন আসামীকে মন্ত্রী করেছে। সরকারের মন্ত্রী ও এমপিরা এই মামলার আসামী বলেই তাদের সবাইকে খালাস দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যত বোমা হামলা হয়েছে, তা বিএনপি--জামাত জোটই করেছে। বোমাবাজি করে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে।
বিরোধী দলীয় নেতা ২০০৬ -- ২০০৭ অর্থ বছরের বাজেট প্রসঙ্গে বলেন, নির্বাচনকে সামনে রেখে এবারের বাজেটে লুটপাট করে খাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে তারা প্রতিটি পরিবার ও মানুষকে দুর্ভোগে ফেলে দিয়েছে। আর এই সিন্ডিকেট বাণিজ্যের কমিশন হাওয়া ভবনে চলে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে রিজার্ভের কথা বলেন। রিজার্ভ থাকলে মানুষ না খেয়ে থাকে কেন? বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ চালাতে হয় কেন? ব্যবসায়ীরা রিজার্ভের অভাবে এলসি খুলতে পারে না।
তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় মানুষ যখন না খেয়ে ছিল, সেই সময় জিয়াউর রহমান জমি কিনেছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর সেই জমির কথা গোপন রেখে এবং মিথ্যা কথা বলে খালেদা জিয়া ক্যান্টনমেন্ট ও গুলশানে বাড়ি নিয়েছেন।
তিনি বলেন, জনগণের অর্থ সম্পদ লুটপাট করে জোট সরকারের মন্ত্রী-এমপিরা যে সম্পদের পাহাড় বানিয়েছে তার জন্য তাদের জবাবদিহি করতে হবে।
শেখ হাসিনা বলেন, জোট সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী--এমপিরা মিথ্যা বলায় চ্যম্পিয়ন। আর গোলাম বিবির বাক্স বিটিভিতে এদের মিথ্যাচার প্রচার করা হয়। বিটিভির মিথ্যা কথা না শোনার জন্য তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি--জামাত জোট দেশের মানুষের জন্য কাজ করে না। জনগণকে বঞ্চিত করে শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত তারা। এই সরকার একটি নির্বাচনী ওয়াদাও পূরন করতে পারেনি। শিক্ষকদের পর্যন্ত অনশন করতে হয়েছে।
