ইসি’র সিদ্ধান্ত অনুয়ায়ী চললে অনেক যোগ্য ব্যক্তিই ভোটার হতে পারবেন না
ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ না করতে নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্তের কারণে ভোটার হওয়ার যোগ্য অনেকেই ভোটার তালিকায় অর্ন্তভূক্তি থেকে বঞ্চিত হবেন। সংশ্লিষ্ট বিভিন্ন মহল এ কথা মনে করছেন।
তারা বলেন, ভোটার নিবন্ধীকরণ অফিসগুলোতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফরম পূরণ করে ভোটার হওয়ার ঝক্কি নিতে অনেকেই আগ্রহী হবেন না।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটার তালিকাভূক্তির জন্যে আবেদনপত্র (ফরম-৭) এবং ভোটার তথ্য সম্বলিত ফরম-২ পূরণ করতে হবে। এছাড়া কর প্রদানের রশিদ, বাড়িভাড়ার রশিদসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র এর সাথে জমা দিতে হবে। সেখানেই শেষ নয়। ভোটার হতে আগ্রহী ব্যক্তির বয়সের প্রমাণপত্র হিসেবে এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত অনূলিপি অথবা এফিডেভিটের কপি জমা দিতে হবে।
এরপর তাকে ২ নং ফরম প্রদান করা হবে এবং তা পূরণ করে জমা দিলে তাকে একটি নোটিশ দেওয়া হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের একটি টিম কোনও একটি নির্ধারিত দিনে তার এলাকা পরিদর্শনে গেলে তখন তাদের মুখোমুখি হয়ে ভোটার হওয়ার আবেদনকারীকে আরেকবার পরীক্ষা দিতে হবে। এ পর্যায়ে ২ নং ফরমে সুপারভাইজারের সাক্ষর হলেই তিনি ভোটার তালিকাভুক্ত হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
এ পুরো কাজের জন্যে নির্বাচন কমিশন এমমাস সময় হাতে নিয়েছে। অনেকেরই ধারণা এ সময়ে কাজ শেষ হবে না। এবং ভোটার তালিকাভুক্তির যেসব নিয়ম কানুন করা হয়েছে তা মেনে অনেকেই ভোটার হওয়ার আগ্রহ দেখাবেন না।
