২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণেল (অব.) আকবরের মৃত্যুতে সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত

নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেনের মৃত্যুতে সোমবার জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। কর্নেল (অব.) আকবর রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সরকারি ও বিরোধী উভয় দলের সদস্যরা মুক্তিযুদ্ধে কর্ণেল আকবরের অবদান ও স্বাধীনতা পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আবদানের কথা স্বীকার করেন।

ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সোমবার সংসদের অধিবেশন শুরু হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, তিনি সংঘাতে বিশ্বসী ছিলেন না, সবসময়ই তিনি সকল সঙ্কটের সমাধান চেয়েছেন।

মান্নান ভূঁইয়া তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আকবর ছিলেন একজন প্রগতিশীল, সহনশীল, অসাম্প্রদায়িক ও সফল মন্ত্রী।

বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আবদুল হামিদ বলেন, আকবর কখনো প্রতিহিংসা পরায়ন হয়ে বিরোধীদের সমালোচনা করেননি। তার সমালোচনা ও আক্রমণ ছিল সবসময়ই শান্তিপূর্ণ ও সহনশীল। তার কাছ থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত।

ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার, শাহজাহান সিরাজ, হাফিজউদ্দিন আহমেদ, মতিউর রহমান নিজামী, মোহাম্মদ নাসিম, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এবং এএসএইচকে সাদেকসহ ৩৫ জন সাংসদ শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন।

অন্যান্য সাংসদরা বলেন, আকবর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তারা বলেন, আকবরের মৃত্যুতে জাতি একজন প্রখ্যাত নেতাকে হারালো। তার স্থান কখনো পূরণ হবার নয়।

তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সংসদ অধিবেশন মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মূলতবী করা হয়েছে।