২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদার তেরেসা অ্যাওয়ার্ড নিয়েই ভারত থেকে দেশে ফিরলেন শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাদার তেরেসা অ্যাওয়ার্ড নিয়েই দেশে ফিরেছেন। তবে রোববার বিকেলে ঢাকায় পৌঁছে তিনি বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শেখ হাসিনা পাঁচ দিনের ভারত সফর শেষে দেশে ফিরে সরাসরি ধানমণ্ডির বাসভবনে চলে যান। অবশ্য সোমবার তিনি সাংবাদিকদের সঙ্গে ভারত সফর নিয়ে কথা বলতে পারেন বলে দলের পক্ষে জানানো হয়েছে।

এদিকে মাদার তেরেসা অ্যাওয়ার্ড গ্রহণ এবং ভারত সফর প্রসঙ্গে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বলেন, অ্যাওয়ার্ড গ্রহণ না করার বিষয়ে আমাদের সিদ্ধান্ত ছিল না।

শেখ হাসিনা ওই পদক নিচ্ছেন না -- এমন সংবাদ প্রচার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবের হোসেন চৌধুরী বলেন, বিতর্ক সৃষ্টির জন্যই অসৎ উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে।

তিনি জানান, ভারত যাওয়ার দিন ২১ জুন নির্ধারিত ফ্লাইট তিন ঘন্টা বিলম্বিত হওয়ায় বিরোধী দলীয় নেতার সফরসূচিতে পরিবর্তন আনা হয়। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ না দিয়ে পরে তা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, কলকাতার পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে শেখ হাসিনা যোগ দিতে পারছেন না।  

কলকাতার আইসিটি সোনার বাংলা হোটেলের ব্যংকোয়েট হলে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে রোববার শেখ হাসিনার হাতে মর্যাদাপূর্ণ মাদার তেরেসা অ্যাওয়ার্ড তুলে দেন ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল মিলেনিয়াম সোসাইটি’র চেয়ারম্যান অ্যান্টনি অরুণ বিশ্বাস। 

গত চার বছর ধরে শান্তি ও সম্প্রীতি এবং মানব সেবায় অনন্য অবদানের জন্য বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের মর্যাদাপূর্ণ এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

এ বছর মাদার তেরেসা পদকের জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়াও প্রখ্যাত অভিনেতা দেবানন্দ এবং কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকার মনোনীত হন।

এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী, বর্ষীয়ান রাজনীতিক এবং পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী জ্যোতি বসু, আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যাণ্ডেলা এবং মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন এ সম্মাননা পেয়েছিলেন।

বিরোধী দলীয় নেতার ভারত সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ‘নেতিবাচক’ বক্তব্যের ব্যাপারে মন্তব্য করতে বলা হলে সাবের হোসেন বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দলীয় নেতা। যারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিদেশে যান, তারাই কেবল সব কিছুতে রাজনীতি খোঁজেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর ‘ডিকটেশন’ নিয়ে বিরোধী দলীয় নেতা চলবেন না -- এটাই স্বাভাবিক।  

রোববার দিলি¬ থেকে কানেকটিং ফ্লাইটে কলকাতায় তিন ঘন্টার যাত্রা বিরতি শেষে বিকেল সোয়া ৪টায় শেখ হাসিনা ঢাকা পৌঁছেন।

পুরষ্কার গ্রহণ ছাড়াও কলকাতায় পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে তার বৈঠক হয়। বর্ষীয়ান এ রাজনীতিকের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দ্বি--পাক্ষিক স্বার্থ সংশি¬ষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

এর আগে পাঁচ দিনের সফরকালে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সভাপতি ও বর্তমান ক্ষমতাসীন ইউপিএ জোটের চেয়ারম্যান সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী আইকে গুজরাল ও অটল বিহারী বাজপেয়ী, বিরোধী দলের নেতা এল কে আদভানীর সাথে বৈঠক করেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাবের চৌধুরী জানান, পৃথক ওই বৈঠকগুলোতে এ উপমহাদেশের আঞ্চলিক নিরাপত্তা, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পারিক সহযোগিতা নিয়ে দ্বি--পাক্ষিক আলোচনা হয়।

শেখ হাসিনা গত বুধবার ঢাকা থেকে সরাসরি দিলি¬¬ যান। সফরকালে দেশটির সরকার ও বিরোধী দলের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক ছাড়াও তিনি আজমীর শরীফে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি’র (রা.) মাজার জিয়ারত করেন। 

আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বিমান বন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল¬াহ্ এমপি, কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরী, সৈয়দ আবুল হোসেন এমপি, ড. হাসান মাহমুদ, শেখ হেলাল উদ্দিন এমপি ও সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন।