শেখ হাসিনার সাথে গুজরাল, বাজপেয়ী, আদভানীর সাক্ষাৎ
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার নতুন দিল্লিতে ভারতের সিনিয়র নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী আইকে গুজরাল ও অটল বিহারী বাজপেয়ীর সাথে সাক্ষাৎ করেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতের প্রধান বিরোধী দলের নেতা এল কে আদভানীর সাথেও বৈঠক করেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শেখ হাসিনা বুধবার নতুন দিল্লি যান। বৃহস্পতিবার তিনি আজমীর শরীফে হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি (রা.) মাজারে মোনাজাত করেন।
শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে বৈঠক করেন।
এছাড়া শুক্রবার তিনি কংগ্রেসের সভাপতি ও বর্তমান ক্ষমতাসীন ইউপিএ জোটের চেয়ারম্যান সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করেন।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
শান্তি স্থাপনে ‘অল ইন্ডিয়া মাইনরিটি এন্ড উইকার সিলেকশন কমিটি’ মনোনীত পুরস্কার গ্রহণ করতে শুক্রবারই তার কলকাতায় আসার কথা ছিলো।
কিন্তু তিনি শনিবারের ওই অনুষ্ঠানে যাননি।
তিনি রোববার কলকাতা হয়ে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন। শেখ হাসিনা রোববার বেলা সাড়ে ৩টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
