২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপমন্ত্রী মনিস্বপন রোববারই শেষ অফিস করতে পারেন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান রোববারই শেষ অফিস করতে পারেন। এরপর তার পদত্যাগ করার সম্ভবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সরকারি সূত্র জানায়, পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে গত কয়েক বছর ধরে তার বিদ্যমান বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে উপমন্ত্রী পদত্যাগের হুমকি দেন।

সাবেক গেরিলা গ্র“প শান্তি বাহিনীর নেতা মনিস্বপন দেওয়ান এ বিষয়ে বিডিনিউজকে বলেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে তার (ওয়াদুদ ভূঁইয়া) নানা পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমি অনেক আগেই হাই কমান্ডকে অবহিত করেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে আমি কি ধরে নেবো এসবই হাই কমান্ডের নির্দেশে হচ্ছে? সেক্ষেত্রে উপমন্ত্রী হিসেবে থাকার তো কোনো অর্থ হয় না।

তিনি বলেন, রোববার মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে; এমনও হতে পারে সেটাই আমার শেষ অফিস করা। এরপরে আমি হয়তো স্বপদে নাও থাকতে পারি।

উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগসমূহ কি কি -- তা জানতে চাওয়া হলে তিনি বলেন, উপমন্ত্রী হিসেবে আমাকে না জানিয়েই তিনি নানা পদক্ষেপ নিচ্ছেন। এছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি'কে (ইউএনডিপি) তিনি চিঠি দিয়ে বলেছেন, তারা যেনো আমার সঙ্গে কেনোরকম যোগাযোগ না করে। এ সব কোনো মতেই মেনে নেওয়া যায় না।

উপমন্ত্রী মনিস্বপন জানান, তিনি নিজে এ সব বিষয় লিখিতভাবে গত ১৮ মে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মাস দুয়েক আগে মন্ত্রণালয়ের উপমন্ত্রীকে না জানিয়েই ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়াম্যান পদে রদবদল ঘটান। সে সময়ও মনিস্বপন দেওয়ান তার পদত্যাগের ব্যাপারে একদফা হুমকি দিয়েছিলেন।