সোহেল তাজ এমপিকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে কাপাসিয়ায় অর্ধ দিবস হরতাল পালিত
আওয়ামী লীগ সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজকে পুলিশি হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়ায় শান্তিপূর্ণভাবে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে। হরতাল শেষে আওয়ামী লীগ নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন।
হরতাল চলাকালে যান চলাচল বন্ধ ছিলো। অফিস আদালত, ব্যাংক বীমা, দোকানপাট সব বন্ধ ছিল।
হরতালের সময় সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।
হরতাল চলাকালে বেলা ১১টার দিকে প্রভাষক রুহুল আমিনের সভপতিত্বে একটি প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগ নেতা আমানত হোসেন, অধ্যাপক সানাউল¬াহ, মোবারক হোসেন, আনিসুর রহমান, স্থানীয় ছাত্রলীগ নেতা শারফুদ্দিন মোড়ল, কাজী সিরাজ, মাহবুব হোসেন এবং দীপক মজুমদার খোকন।
সমাবেশ থেকে সোহেল তাজ এমপির ওপর পুলিশি হয়রানির প্রতিবাদে আগামী ২৭ জুন ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সমাবেশ, ৩০ জুন উপজেলা সদরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ এবং ৮ জুলাই কালো পতাকা উত্তোলন কর্মসূচি ঘোষণা করা হয়।
গাজীপুর- ৪ আসনের সাংসদ সোহেল তাজের ওপর পুলিশ হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেয়। এ ঘটনায় তার এপিএস কাওসারও গুরুতর আহত হয়।
