২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে ৭০০ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন লাভ

বিরোধী ১৪ দলের ডাকা ঢাকা অবরোধ কর্মসূচিতে সরকারের দায়ের করা অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৯৩ জন নেতাকর্মীকে হাইকোর্ট ছয় মাসের জন্যে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সংশ্লিষ্ট মামলাগুলোতে দায়ের করা পৃথক পিটিশনে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া এবং  বিচারপতি রঈস উদ্দিন সমন্বয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সরকারের প্রতি রুলনিশি জারি করেন এবং তাদের কেন নিয়মিত জামিন দেওয়া হবে না-- এ মর্মে কারণ দর্শানোর নির্দেশ দেন।

যেসব নেতা জামিন পেয়েছেন তারা হলেন-- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভুঁইয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিম, সাবেক সাংসদ মকবুল হোসেন, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

হাইকোর্ট বেঞ্চের সামনে রোববার সশরীরে হাজির হয়ে তারা জামিন আবেদন জানান।

ঢাকার রমনা, লালবাগ, পল্টন, কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের আড়াই হাজার, সোনারগাঁ ও বন্দর থানায় বিরোধী নেতাকর্মীদের অভিযুক্ত করে পুলিশ মামলাগুলো দায়ের করে। ১১ জুনের ঢাকা অবরোধ এবং ১৩ ও ১৪ জুনের হরতাল চলাকালে পুলিশের কর্তব্যে বাধা দান এবং ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।

আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার আমির—উল--ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার মামলা পরিচালনা করেন।