২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদার তেরেসা পদক নিতে শেখ হাসিনার আসন্ন ভারত সফর: সরকারি মহলে গুঞ্জন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার আগেই সরকারি মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে তার এ সফরকে ক্ষমতাসীনরা দেখছেন ভিন্ন চোখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

অবশ্য আওয়ামী লীগ দলীয় সূত্র শনিবার বিডিনিউজকে জানিয়েছেন, মর্যাদাপূর্ণ মাদার তেরেসা পদক গ্রহণের জন্যেই শেখ হাসিনা ভারত যাচ্ছেন। এছাড়া সফরকালে তিনি আজমীর শরীফে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি’র (রহ.) মাজার জিয়ারত করবেন। 

সূত্র জানায়, আগামী বুধবার থেকে পাঁচ দিনের এ সফরকালে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রাম এবং মানব সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা’ পদক গ্রহণ ছাড়াও ভারতের সরকার ও বিরোধী দলের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে পারেন হাসিনা।

২৪ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনটেনারি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে আন্তর্জাতিক এবং মর্যাদাপূর্ণ এ পদক তুলে দেবেন ভারতের ক্ষমতাসীন ইউপিএ’র চেয়ারপারসন সোনিয়া গান্ধী। 

সূত্র আরও জানায়, শেখ হাসিনা ২১ জুন বুধবার বিকেলে ঢাকা থেকে সরাসরি দিল্লি যাবেন। সেখানে দু’দিন অবস্থানকালে তিনি আজমীর শরিফ জিয়ারত করবেন। ২৩ জুন তিনি দিল্লি থেকে কলকাতা আসবেন এবং ২৪ জুন মাদার তেরেসা পুরস্কার গ্রহণ করবেন। পরদিন ২৫ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। 

অপর একটি সূত্র জানায়, ভারতের বেসরকারি সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যান্ড উইকার সিলেকশন কাউন্সিল’র ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল মিলেনিয়াম সোসাইটি’ গত চার বছর ধরে শান্তি ও সম্প্রীতি এবং মানব সেবায় অনন্য অবদানের জন্যে এ পদক দিচ্ছে।

এ বছর মাদার তেরেসা পদকের জন্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়াও প্রখ্যাত অভিনেতা দেবানন্দ এবং কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকার মনোনীত হয়েছেন।

এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী, বর্ষিয়ান রাজনীতিক এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন এই সম্মাননা পেয়েছেন।