দ্বন্দ্ব ভুলে নির্বাচনের প্রস্তুতি নিন: নোয়াখালী অঞ্চলের নেতাদের সাথে মত বিনিময়কালে শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি অবিলম্বে মিটিয়ে ফেলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।
আওয়ামী লীগ প্রধান শনিবার তার ধানমন্ডির কার্যালয়ে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার দলীয় নেতাদের সাথে মত বিনিময়কালে একথা বলেন।
তিনি বলেন, দেশের অবস্থা আজ ভয়াবহ। রাজনৈতিক নির্যাতন, নিপীড়ন অব্যাহত রয়েছে।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, জোট সরকার দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। তারা আন্তর্জাতিক চাপে জঙ্গিদের ধরলেও তাদেরকে রিমান্ডের নামে জামাই আদরে রেখেছে।
তিনি বলেন, এ সরকার দ্রব্য মূল্য বৃদ্ধি, পানি ও বিদ্যুৎ সঙ্কটের কোনো সমাধান দিতে পারেনি। নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে ফেলেছে।
বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে শেখ হাসিনা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। তাই প্রধান নির্বাচন কমিশনার ও অপর দু নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।
তিনি বলেন, জোট সরকার জানে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগই জয়ী হবে। আর তাই তারা ভোট চুরির কলাকৌশল শুরু করেছে।
তিনি সংস্কার প্রশ্নে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের বিকল্প নেই। তাই সংস্কার বাস্তবায়নের সংগ্রাম এগিয়ে নিতে হবে। আন্দোলনের মাধ্যমেই এদের বিদায় করতে হবে।
তিনি নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের মানুষের ঘরে ঘরে যেতে হবে। জোট দুঃশাসনের চিত্র তুলে ধরতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ আমলের সাফল্যও তুলে ধরবেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠন করলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণসহ দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
মতবিনিময় অনুষ্ঠানে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার জেলা, থানা ও পৌর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
