২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট অধিবেশন পর্যন্ত সংস্কার ইস্যুতে আলোচনার দ্বার খোলা রাখছে আওয়ামী লীগ

সংসদ থেকে পদত্যাগের চাপ সত্ত্বেও বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাজেট অধিবেশন পর্যন্ত সংস্কার ইস্যু নিয়ে ক্ষমতাসীন দলের সাথে আলোচনার দ্বার খোলা রাখতে চান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

একই সাথে রাজপথে আন্দোলন আরও জোরদার করে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন বিধি সংস্কারের ব্যাপারে তাদের দাবির প্রতি সরকারকে আবার ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখতে চায় প্রধান বিরোধী দল।

বিডিনিউজের সাথে আলাপকালে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এমপি জানান, সংস্কার ইস্যুতে সরকারি দলের সাথে সংলাপের আশা তারা এখনও ছাড়েননি।

সংলাপের নামে প্রহসন না করে ক্ষমতাসীন দলের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে বলে তিনি জানান।

তিনি বলেন, এখনও আমাদের হাতে অল্প সময় আছে। আলোচনার দ্বার বন্ধ করার আগে আমরা বাজেট অধিবেশন পর্যন্ত অপেক্ষা করব। বিএনপি জনগণের মন বোঝার সুযোগ পাচ্ছে।

সংলাপ ইস্যুতে বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার চিঠির জবাবে গত ৮ জুন ১৪ দলের পাঠানো জবাবের পর থেকে এ ব্যাপারে আরও কোনও অগ্রগতি নেই। ওই জবাবে ১৪ দল জামায়াত ও ইসলামী ঐক্যজোটের নেতাদের সাথে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

জাফরুল্লা বলেন, একের পর এক নীল নকশা প্রণয়নের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকার দেশকে মুখোমুখি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। প্রধান নির্বাচনের কমিশনের বিতর্কিত ভোটার তালিকা ভিত্তিতে তালিকা হালনাগাদ করার লক্ষ্যে নতুন নীল নকশা গ্রহণ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার পুলিশ ও দলীয় ক্যাডারদের দিয়ে রাজপথে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করছে। তারা জাতীয় সংসদে বসে বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে অশ্লীল গালাগাল দিচ্ছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, বর্তমান সঙ্কট নিরসনে তারা উদাসীন এবং তারা বিবাদের নিষ্পত্তি চায় না। আমরা আমাদের দাবি বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে চাই।

আওয়ামী লীগের সংসদীয় কমিটির এক বৈঠকের পর সোমবার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করবে কি না শেখ হাসিনার কাছে সাংবাদিকরা তা জানতে চান। 

শেখ হাসিনা জানান, নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবিতে তার দল সংসদে ও রাজপথে একযোগে আন্দোলন চালিয়ে যাবে।

তার দলের সাংসদরা জাতীয় সংসদে যাবেন এবং বাজেটের ওপর আলোচনার জন্য ফ্লোর চাইবেন।

আওয়ামী লীগের যেসব সাংসদ পদত্যাগের বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের ধারণা, এ মুহূর্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলে ক্ষমতাসীন দলের ফাঁদে পা দেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগের সাংসদ বলেন, সংসদে থাকা ছাড়া সংস্কার সম্ভব হবে না। এক্ষেত্রে পদ্যত্যাগের সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত নয়।

যতই দিন যাচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে উঠছে এবং এর ফলে দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী আগামী নির্বাচনকে সামনে রেখে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় নিন্দা জানিয়েছেন।

সাম্প্রতিক সহিংস পরিস্থিতির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন।

বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত সহিংসতার ব্যাপারে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের জন্য বাংলাদেশের যে সুনাম রয়েছে তা ধ্বংসের ঝুঁকি সৃষ্টি হয়েছে।