দেশব্যাপী ৩৬ ঘন্টার লাগাতার হরতাল পালিত হচ্ছে
ঢাকা অবরোধ কর্মসূচির একদিন পর মঙ্গলবার সকাল ৬টা থেকে পালিত হচ্ছে দেশব্যাপী টানা ৩৬ ঘন্টার হরতাল।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এ হরতালের ডাক দিয়েছে।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে সকালে মিছিল বের করেছে।
রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করছে। রাজধানীর দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, ফার্মেসী, ওষুধ বহনকারী যানবহন, ফায়ার বিগ্রেড, সংবাদপত্রের যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।
এছাড়া ব্রিটিশ কাউন্সিলের অধীনে মঙ্গলবার অনুষ্ঠেয় এলএলবি (অনার্স) পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।
পিকেটারদের ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিরোধী দলগুলোর ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষে শীর্ষ আওয়ামী লীগ নেতাসহ পাঁচ শতাধিক লোক আহত হয়।
