সরকার বিচ্ছিন্ন, প্রধানমন্ত্রী প্রত্যাখ্যাত: ১৪ দল
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল বলেছে, ঢাকা অবরোধের মাধ্যমে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে; জোট সরকারের প্রধানমন্ত্রীকে জনগণকে প্রত্যাখান করেছে ।
মহনগর ১৪ দলের উদ্যোগে সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন। ১৪ দলের রোববার অনুষ্ঠিত ঢাকা অবরোধ কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
মোফজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দলীয় নেতা তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, মুকুল বোস, আব্দুল মান্নান, জাসদ সভাপতি হাসনুল হক ইনু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ সরকারের বিদায় ঘনিয়ে এসেছে। যতই তাদের দিন ফুরিয়ে আসছে, ততই তারা নির্যাতনের মাত্রা বাড়াচ্ছে।
তারা বলেন, আওয়ামীলীগ নির্বাচন চায। নির্বাচনের বিকল্প আওয়ামী লীগ অন্য কিছু মনে করে না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার না হলে কোনো নির্বাচন হতে দেওযা হবে না।
সমাবেশ থেকে বক্তারা মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় ৩৬ ঘন্টার হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
