মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩৬ ঘন্টার লাগাতার হরতাল শুরু হচ্ছে
বিরোধী ১৪ দলের ডাকা অবরোধ কর্মসূচির একদিন পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী টানা ৩৬ ঘন্টার হরতাল।
তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনার ও অপর দইু নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এ হরতালের ডাক দিয়েছে।
হরতালের আগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় শ্রমিক লীগ, জাতীয় রিকশা শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতকি দল হরতাল সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
আওয়ামী নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিরোধী দলগুলো সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল করে।
এদিকে, হরতাল সফল করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
হরতালের সমর্থনে যুবলীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল করে।
বিরোধী দলগুলোর ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে শীর্ষ আওয়ামী লীগ নেতাসহ পাঁচ শতাধিক লোক আহত হয়।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, ফার্মেসী, ওষুধ বহনকারী যানবহন, ফায়ার বিগ্রেড, সংবাদপত্রের যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।
বিএনপি নেতৃত্বাধীন জোট আলোচনার মাধ্যমে রাজনৈতিক সঙ্কটের সমাধান সম্ভব বললেও রোববারের পুলিশি ও সরকার দলীয় ক্যাডারদের হামলা সঙ্কট নিরসনে তাদের অনিচ্ছারই বহিঃপ্রকাশ বলে অনেকেই মনে করছেন।
এদিকে বিএনপি বিরোধী দলের কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করায় উত্তেজনা আরো বাড়ছে।
আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সোমবার বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনের সমাবেশ করে।
ওই সমাবেশে ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, বক্তব্য রাখেন।
এদিকে বিরোধী দলের ম্যারাথন হরতালে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
সরকারি সূত্র জানায়, পিকেটারদের ঠেকাতে রাজধানীতে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও বিডিআর সদস্য মোতায়েন করা হবে।
