সংসদে স্পিকারের ডেস্কের সামনে বিরোধী দলের হৈ চৈ, পরে ওয়াক আউট
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে নিয়ে বিএনপি’র সাংসদ মশিউর রহমানের অশালীণ বক্তব্যের প্রতিবাদে সোমবার প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা ওয়াকআউট করেছেন।
এর আগে বিরোধী দলের সাংসদরা ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে স্পিকারের ডেস্কের সামনে গিয়ে প্রায় ২০ মিনিট ধরে হৈ চৈ ও তীব্র প্রতিবাদ করেন। তারা স্পিকারকে লক্ষ্য করে ফাইলপত্রও ছুঁড়ে মারেন। এ নিয়ে বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে।
ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বক্তব্যটি পরীক্ষা করে প্রত্যাহারের প্রতিশ্র“তি দিলেও তাৎক্ষণিকভাবে তা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান। এর প্রতিবাদে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ওয়াকআউট করে।
পয়েন্ট অব অর্ডারে আলোচনার সূত্র ধরেই এই গন্ডগোলের সূত্রপাত হয়।
বিকেল ৫ টা ২৫ মিনিটে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। এরপরই বিরোধী দলের সাংসদরা রোববারের ঢাকা অবরোধ কর্মসূচিতে পুলিশ বাধা, হামলা ও নির্যাতন নিয়ে আলোচনার জন্য পয়েন্ট অব অর্ডারের জন্য হাত তোলেন।
স্পিকার পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগের আবদুর রাজ্জাক, বিএনপির সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, বিএনপির ইলিয়াস আলী, বিরোধী দলীয় চীফ হুইপ আবদুস শহীদ বক্তব্য রাখেন।
এ পর্যায়ে স্পিকার পয়েন্ট অব অর্ডার শেষ করে দিতে চাইলে বিরোধী দলীয় নেতা অবরোধ কর্মসূচিতে পুলিশী নির্যাতনে আহত সাংসদদের ফ্লোর দেওয়ার অনুরোধ জাান। পরে স্পিকার আওয়ামী লীগের তানজিম আহম্মেদ সোহেল তাজ ও বিএনপির মশিউর রহমানকে ফ্লোর দেন।
মশিউর রহমান বলেন, তারা বিতর্কিত ব্যক্তি ও আলতু-ফালতু লোকের কথা বলে আলোচনায় বসতে চায়না। নিজামী ও মুজাহীদরা তাদের দিকে থাকলে আর আলতু - ফালতু লোক হবে না।
তিনি বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে বলেন, তিনি গোলাম আযমের পায়ে হাত দিয়ে দোয়া নিয়েছিলেন। এতে কোন ক্ষতি হয়নি। শুধু তারা আমাদের সাথে থাকলেই আলতু - ফালতু হয়।
এ সময় বিরোধী দলের সদস্যরা একাযোগে হইচই করে ওঠেন। তারা এর তীব্র প্রতিবাদ করেন। এ সময় তারা মশিউর রহমানের ওই বক্তব্য প্রত্যাহার করার দাবিতে স্পিকারের ডেস্কের সামনে গিয়ে হইচই করেন। অনেক সদস্য এ সময় স্পিকারকে লক্ষ্য করে ফাইল ও কাগজপত্র ছুঁড়ে মানেন।
এ সময় ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেন, সরকারি দলের ব্যাক বেঞ্চের সদস্যরা অসত্য ও জঘন্য মিথ্যাচার করছে। আপনি আমাদের পেছনের বেঞ্চের সদস্যদের কথা বলতে না দিলেও সরকারি দলের গুন্ডা ও খুনিদের কথা বলার সুযোগ দেন। সংসদে দাড়িয়ে তারা নোংরা ও জঘন্য মিথ্যাচার করেন।
তিনি সরকারি দলের ওই সদস্যকে সংসদে ওই ধরনের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান।
তিনি বলেন, আমরা দেশ ও জাতির স্বার্থে সংসদে ফিরে এসেছি। কিন্তু তারা চায়না, আমরা সংসদে থাকি। সরকারের মন্ত্রীরাই তাদের খুনি ও গুন্ডা বলে। আমাদের কিছু করতে হবে না। দেশের মানুষই তাদের পেটাবে।
তিনি বলেন, গোলাম আযমকে আমাদের দরকার নেই। তাকে তাদেরই দরকার। বিএনপি ও জামাত এখন একই পরিবারের সদস্য। তাদের নেত্রী গোলাম আযমের সাথে কি করেন, আর তাদের মধ্যে কি সম্পর্ক, সেটা দেশের মানুষ জানে।
পরে তার নেতৃত্বে আওয়ামী লীগের সাংসদরা ওয়াকআউট করেন।
পরে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বিরোধী দলের নেত্রীর বক্তব্যকে অশালীন, কুরুচিপূর্ণ ও অসংসদীয় বলে উল্লেখ করে তার প্রত্যাহার করার দাবি জানান।
তিনি সোমবারের ঘটনা প্রসঙ্গে বলেন, তাদের ফাইল ছোঁড়া নিয়ে আমরা শংকিত ছিলাম। এটা একটা নজীরবিহীন ঘটনা। গণতন্ত্রকে ধ্বংস করতেই তারা এটা করেছে।
পরে স্পিকার বিরোধী দলের আচরণকে শিষ্টাচার বহির্ভূতি হিসেবে উল্লেখ করে বলেন, তারা যে ঘটনা ঘটিয়েছে তা গণতন্ত্রের জন্য শুভ নয়। এভাবে চললে সংসদ চালানো যাবে না।
