২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংিসতায় ব্রিটিশ হাই কমিশনারের উদ্বেগ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সোমবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে সহিংসতার কোনও স্থান নেই। সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিশেষ করে কানসাটে সাধারণ জনগণের বিক্ষোভ, কুষ্টিয়া ও চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার কথা উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার প্রসঙ্গে মন্তব্য জানতে চাওয়া হলে সংবাদ মাধ্যমকে আনোয়ার চৌধুরী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরণের সহিংসতা আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ক্ষুন্ন করবে।

তিনি বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে তাদের সকলকেই শান্তিপূর্ণ হতে হবে। কোন সত্যিকারের বিক্ষোভকারী, ভোটার, দলীয় কর্মী, নেতা কিংবা সংবাদ মাধ্যমের যে কেহর জন্যই ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত থাকা জরুরি। গোটা বিশ্বই বিষয়গুলো তাকিয়ে দেখছে।

ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, ব্রিটিশ সরকার মনে করে আসন্ন মাসগুলো বাংলাদেশের ভবিষ্যতের জন্যে একটি অত্যন্ত জটিল সময়। আসন্ন নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং সকল ভোটারের ভোটদানের মৌলিক অধিকার সংরক্ষণ করা জরুরি। আমরা এ বিষয়টি স্বচ্ছতার সাথে নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে রয়েছি।

আনোয়ার চৌধুরী আরও বলেন, আমরা আগামী নির্বাচনের আগে সকল দলের মধ্যে কার্যকর আলোচনা হোক এটাই চাই।

আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে সহিংসতা হতে পারে না। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে তা নিশ্চিত করার আহবান জানাচ্ছি।