অবরোধ কর্মসূচি সমর্থনে চট্রগ্রামে বিরোধী দলীয় নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি পালন
চট্রগ্রামে রোববার স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় বিরোধী জোট নেতা-কর্মীরা কেন্দ্রীয় ঢাকা অবরোধ কর্মসূচির সমর্থনে নগরীর দুইটি প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয় কমিটির ঢাকা অবরোধ কর্মসূচী পালনে হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করা সত্তেও স্থানীয় বিরোধী দলীয় নেতা-কর্মীরা তা উপেক্ষা করে নগরীর দুইটি প্রবেশপথ সিটি গেট এবং ফৌজদারহাটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূুচী পালন করে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী জোটের নেতা-কর্মীরা জোটের বিভাগীয় সমন্বয় এবং চট্রগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগরীর সিটি গেটে সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে চার ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিলো।
কর্মসূচি শেষে আয়োজিত এক সমাবেশে সিটি মেয়র বলেন, সকল খাতে ব্যার্থতার কারণে জোট সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিছিন্ন হয়ে পড়েছে।
তিনি বলেন তত্বাবধায়ক সরকার ও নির্বাচনী ব্যাবস্থার সংস্কার এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এমএ মান্নানও এ সময় বক্তব্য রাখেন।
চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগ (দক্ষিন) সাধারণ সম্পাদক এমএ সালামের নেতৃত্বে ফৌজদারহাট এলাকায় অপর অবস্থান কর্মসূচিটি পালিত হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো।
