সুপ্রিম কোর্ট বর্জন করেছে এসসিবিএ, বিক্ষোভ প্রদর্শন
দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিরোধী ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচির ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) রোববার আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল কার্যক্রম বর্জন করেছে।
এসসিবিএ’র ব্যানারে কয়েকশ’ আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ দেখান। এসময় আদালতের স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ থাকে।
বিক্ষোভ চলাকালে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন সুপ্রিম কোর্টের প্রধান গেট দিয়ে না ঢুকে বিকল্প গেট দিয়ে ঢুকতে বাধ্য হন। অপর বিচারকদের কেউ কেউ গেট থেকে ফিরে যান অথবা বিকল্প গেট দিয়ে আদালত ভবনে প্রবেশ করেন।
রিট পিটিশনের কাউন্সেল ও মুসলিম মিল্লাত পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক সকাল সাড়ে ৯টার দিকে মাজার গেট দিয়ে আদালতে প্রবেশ করতে গেলে বিক্ষুব্ধ আইনজীবীরা তাকে ধাওয়া করেন।
অ্যাডভোকেট গাজী রবিউল ইসলাম সাগরের দায়েরকৃত রিট পিটিশনের পর শনিবার হাইকোর্টের একটি বিশেষ অবকাশকালীন বেঞ্চের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ১৪ দলের যৌথ ঢাকা অবরোধ অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি অন্তবর্তীকালীন নির্দেশ দেন।
আদালতের বেঞ্চটি রোববার এই আবেদনের শুনানির দিনও ধার্য করেন। কিন্তু এসসিবিএস’র আদালত বর্জনের কারণে এই শুনানি সম্ভব হয়নি।
সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে সকাল সাড়ে ৮টার সময় বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মানববন্ধন করে বিক্ষোভ দেখায় ও স্লোগান দেয়। ওই সময় প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন সুপ্রিমকোর্টে তার কার্যালয়ে প্রবেশ কালে তাদের সামনে পড়ে। আইনজীবীরা এসময় তাকে সুপ্রিমকোর্টে প্রবেশে বাধা দিলে গাড়ি চালক গাড়িটি ঘুরিয়ে মাজার গেট দিয়ে আদালতে প্রবেশ করে।
আইনজীবীরা আদালত বর্জন কার্যক্রম চালালে রোববার দুপুর পর্যন্ত উচ্চ আদালতের সকল কার্যক্রম বন্ধ থাকে এবং আদালতে বিচারক ও কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে না দেওয়ায় সুপ্রিমকোর্ট ভবন জনশুণ্য হয়ে পড়ে।
আইনজীবীরা সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে খণ্ড খণ্ড মিছিল করেন এবং আইনজীবী ও বিচারপতিদের বিচারকার্যক্রম বন্ধ রাখার জন্যে আহ্বান জানান।
এসসিবিএ বারের দক্ষিণ হলে একটি প্রতিবাদ সমাবেশও পালন করে।
এসসিবিএ ’র সহ-সভাপতি অ্যাড. এমএ মান্নান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে এসসিবিএ’র সাবেক সভাপতিবৃন্দ আব্দুল বাসেত মজুমদার ও অ্যাড. ওজাইর ফারুক, অ্যাড. মাহাবুবে আলম, অ্যাড. সুব্রত চৌধুরী, এসসিবিএ সম্পাদক অ্যাড. এএম আমিনুদ্দিন ও এসসিবিএ’র সাবেক সম্পাদক অ্যাড. এম ইনায়েতুর রহিম বক্তব্য রাখেন।
এদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইজীবী ঐক্য পরিষদ (জেএওপি) এর আইজীবীরা প্রধান আইনজীবী অ্যাড. হাবিবুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আদালত বর্জনের প্রতিবাদ জানিয়ে বারের উত্তর হলে সমাবেশ করেন।
বৈঠকে হাইকোর্টের আদেশ অমান্য করে আদালত প্রাঙ্গনে যারা স্লোগান ও আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্যে আহ্বান জানান।
তারা এসময় হাইকোর্ট অমান্য করে ১৪ দলের যৌথ অবরোধ কর্মসূচির নিন্দা জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি’র আইন সচিব অ্যাড. জয়নুল আবেদীন, ডেপুটি অ্যাটর্ণি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, গোলাম কিবরিয়া, হেলালুদ্দিন মোল্লা, জামান আকতার বুলবুল, গিয়াসুদ্দিন মিঠু, এবিএম ওয়ালিউর রহমান খান ও সহকারী অ্যাটর্ণি জেনারেল গোলাম নূর তরুন প্রমুখ।
