ঢাকা অবরোধ কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষ, আহত শতাধিক
হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার সকাল ৯ টা থেকে ১৪ দল আহুত ঢাকা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচিতে মূলত অবরুদ্ধ হয়ে পড়ে ঢাকা মহানগরী। ঢাকা ও ঢাকার আশেপাশে বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হয়।
অবরোধের সকালে মিরপুর, মগবাজার, সাভার, টঙ্গী, নারায়নগঞ্জ ও কাঁচপুর এলাকায় পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ ও সাংবাদিকসহ আহত হয় শতাধিক জন। বেশ কিছু এলাকায় গাড়ি ভাঙচুর হয়।
ঢাকার বাইরে চট্টগ্রাম, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চলছে বলে জানা যায়।
ঢাকার সঙ্গে দূর পাল্লার বাস চলাচল ছিলো বন্ধ। দুএকটি জায়গায় রেল চলাচলে বিঘœ ঘটলেও মোটামুটিভাবে রেল, লঞ্চ ও বিমান চলাচল ছিলো স্বাভাবিক।
অবরোধের সকালে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিডিআর সদস্যরা নগরীর বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয়। জায়গায় জায়গায় বসানো হয় চেক পোস্ট। অফিসগামী মানুষকে পোহাতে হয় সবচেয়ে বেশী দুর্ভোগ।
অবরোধ থেকে বিরত থাকার জন্য বৃহস্পতিবার রাতে পুলিশ নগরীতে মাইকিং করে।
ধানমণ্ডি, মিরপুর, গাবতলী, মোহাম্মাদপুর, আজিমপুর, উত্তরা, গুলশান, মহাখালি, গুলিস্থান, সায়দাবাদসহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে আন্তনগর বাস চলাচল ছিলো নিতান্ত কম। দোতলা ভলভো বাসসহ বেসরকারি বিলাসবহুল বাস চলাচল ছিলো একেবারে বন্ধ। অল্প সংখ্যক বিআরটিসির দোতলা বাস ও লোকাল মিনিবাস চলেছে। এ সব বাসে ছিলো উপচে পড়া ভীড়।
অফিসগামী মানুষকে দেখা গেছে বাধ্য হয়ে দ্বিগুন, তিনগুন ভাড়ায় সিএনজি চালিত অটো রিকশা বা ট্যাক্সিক্যাবে সওয়ার হতে। আবার মানিক মিয়া এভিনিউসহ বিভিন্ন ভিআইপি রোড খুলে দেওয়ায় এসব সড়কে রিকশা ও রিকশা ভ্যানও চলেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে ১০ টার দিকে মিরপুর শাহ আলী মাজার রোডে বিরোধী দলের নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন আহত হয়।
মগবাজার রেল ক্রসিং ও বিশাল মার্কেটের সামনে জনতা অবরোধ করতে চাইলে সেখানে কয়েক দফা সংঘর্ষ হয়। গাবতলীতেও এক দফা সংঘর্ষে অন্তত: আহত হয় ২০ জন।
সকাল ১১ টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল বিরোধী দলীয় চিফ হুইপ উপধাক্ষ্য আব্দুস শহীদের নেতৃত্ব মিরপুর রোডের দিকে বের হতে চাইলে পুলিশ তাদের ওপর হামলা করে। দফায় দফায় টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ ও ধাওয়া -- পাল্টা ধাওযার ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এতে উপধাক্ষ্য আব্দুস শহীদসহ আহত হয় ২০ জন।
বিডিনিউজ’র সাভার প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৯ টার দিকে বিরোধী দলের নেতা কর্মীরা ঢাকা -- আরিচা মহাসড়ক অবরোদ করে। ফলে ওই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় বিপুল সংখ্যক র্যাব, বিডিআর ও পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১২ টার দিকে পুলিশের সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ নাসিমসহ অন্তত ৩০ জন আহত হয়।
বিডিনিউজ’র টঙ্গী প্রতিনিধি জানান, সকাল ১১ টার দিকে মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহিদ হাসান রাসেল এমপির নেতৃত্বে রেল স্টেশন এলাকায় মিছিল বের করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। বেশ কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, ধাওয়া -- পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশ ও সাংবাদিকসহ আহত হয় ২০ জন।
বিডিনিউজ’র নারায়নগঞ্জ প্রতিনিধি জানান, নারায়নগঞ্জের কাঁচপুর ব্রীজ এলাকায় পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে হাজার হাজার জনতা লাঠিশোটা নিয়ে কাঁচপুর মহাসড়ক দখল করে নেয়। সেখানে পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পুলিশ নগরীতে গণগ্রেফতার অভিযান চালায়।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচির ডাক দেয়।
হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ ১৪ দলের ওই কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সরকার এ কর্মসূচির ওপর সতর্ক দৃষ্টি রাখতে সকাল থেকেই নগরীতে প্রায় ১৫ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
বিরোধী দল এরই মধ্যে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরোধ কর্মসূচিতে বাধা দেওয়া হলে ১২ জুন থেকে লাগাতার হরতাল দেওয়া হবে।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি অবরোধ কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের বলেন, সরকার যেহেতু আদালতের নিষেধাজ্ঞা মানছে না, তাই তারাও এ নিষেধাজ্ঞা মানতে বাধ্য নন।
ঢাকায় প্রবেশের ১৬ টি পয়েন্টে ১৪ দল অবরোধ করবে বলে ঘোষণা দেয়।
এ পয়েন্টগুলো হচ্ছে: গাবতলী, আজিমপুর বাস স্ট্যান্ড, যাত্রাবাড়ি, সদরঘাট টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন, পোস্তগোলা আলম মার্কেট, বাবু বাজার ব্রিজ, নূর হোসেন স্কোয়ার, মগবাজার রেল গেট, মালিবাগ মার্কেট, মতিঝিল শাপলা চত্বর, নিউ মার্কেট, ধানমণ্ডি ২৭ নম্বর রোড, মিরপুর ১০ নম্বর মোড়, মহাখালি ও দয়াগঞ্জ।
