হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি শুরু
হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার সকাল ৯ টা থেকে ১৪ দল আহুত ঢাকা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
এ কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পুলিশ নগরীতে গণগ্রেফতার অভিযান চালায়।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচির ডাক দেয়।
হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ ১৪ দলের ওই কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সরকার এ কর্মসূচির ওপর সতর্ক দৃষ্টি রাখতে সকাল থেকেই নগরীতে প্রায় ১৫ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
বিরোধী দল এরই মধ্যে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরোধ কর্মসূচিতে বাধা দেওয়া হলে ১২ জুন থেকে লাগাতার হরতাল দেওয়া হবে।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি অবরোধ কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের বলেন, সরকার যেহেতু আদালতের নিষেধাজ্ঞা মানছে না, তাই তারাও এ নিষেধাজ্ঞা মানতে বাধ্য নন।
ঢাকায় প্রবেশের ১৬ টি পয়েন্টে ১৪ দল অবরোধ করবে বলে ঘোষণা দেয়।
এ পয়েন্টগুলো হচ্ছে: গাবতলী, আজিমপুর বাস স্ট্যান্ড, যাত্রাবাড়ি, সদরঘাট টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন, পোস্তগোলা আলম মার্কেট, বাবু বাজার ব্রিজ, নূর হোসেন স্কোয়ার, মগবাজার রেল গেট, মালিবাগ মার্কেট, মতিঝিল শাপলা চত্বর, নিউ মার্কেট, ধানমণ্ডি ২৭ নম্বর রোড, মিরপুর ১০ নম্বর মোড়, মহাখালি ও দয়াগঞ্জ।
