রোববার ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি, ১ম লিড
ব্যাপক ধরপাকড় ও গণগ্রেফতার এবং সরকারের কঠোর অবস্থানকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগসহ ১৪ দল ১১ জুন রোববার তাদের পূর্ব ঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচি পালন করবে।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিরোধী দলের আলোচিত এই কর্মসূচি বানচালে সরকারের ‘সকল ধরণের কলা কৌশল, দমন, অত্যাচার নির্যাতন, বাধা এবং ভয় ভীতি’ উপেক্ষা করে কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববারের মধ্যে গণগ্রেফতার, অত্যাচার -- নির্যাতন বন্ধ এবং প্রধান নির্বাচন কমিশনারসহ দুই নির্বাচন কমিশনারকে অপসারণ করাসহ বিরোধী দলের দাবি মানা না হলে পরদিন সোমবার থেকে লাগাতার হরতালসহ ধারাবাহিক কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ১৪ দল নেতৃবৃন্দ।
ঢাকা অবরোধ কর্মসূচির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, আমরা এখনও এমন কোনো সংবাদ জানি না। তবে যারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় মানে না, তারা রায় মানার কথা আমাদের কী ভাবে বলে? সরকার আগে আদালতের রায় মানুক, তারপর আমরা আমাদের বিষয়টি বিবেচনা করবো।
তবে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলবে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে পুলিশের আইজি’র বক্তব্যের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে তার উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আপনার কাছ থেকে আমাদের দীক্ষা নিতে হবে না। রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক নেতৃত্ব। আপনি আমাদের সবক দেওয়ার চেষ্টা করবেন না। ব্যর্থ দুর্নীতিবাজ অত্যাচারীদের পক্ষে বেশি তাবেদারির ফলাফল ভলো হবে না।
আওয়ামী লীগসহ ১৪ দল ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। এজন্য কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠক করে। সভাগুলোতে সিদ্ধান্ত হয় রোববার ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর নির্দিষ্ট ১৬ টি স্পটসহ রাজধানীর আশপাশের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অবস্থান নেবেন।
ঢাকার ষ্পটগুলো হচ্ছে: গাবতলি, আজমপুর বাসষ্ট্যাণ্ড, যাত্রাবাড়ি, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল ষ্টেশন, পোস্তগোলা আলম মার্কেট, বাবু বাজার ব্রিজ, নূর হোসেন স্কোয়ার, মগবাজার রেল গেট, মালিবাগ বিপণী বিতান, শাপলা চত্বর, নিউ মার্কেট, ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর ১০ নম্বর গোলচক্কর, মহাখালি ও দয়াগঞ্জ।
