সরকারের শেষ বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার বলেছেন, বর্তমান সরকারের শেষ বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি বলেন, এবারের বাজেট ঘোষণার পর দব্যমূল্য কিছুটা হলেও কমে আসবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু উল্টো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম আরো বেড়ে গেছে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার বনানী কার্যালয়ে তুরাগ থানা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলালের জার্তীয় পার্টিতে যোগদান এবং ঢাকা মহানগর থানা ইউনিট নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন।
সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে তুরাগের ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলালের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, মহানগর নেতা বাহাউদ্দিন আহমেদ বাবুল, জাকির হোসেন জিকু এবং ফরিদ আহমেদ।
এরশাদ বলেন, দেশ ও জাতির সামনে যে সীমাহীন সংকট বিরাজ করছে তা থেকে উত্তোরণের কোন পথ দেখা যাচ্ছে না। কারণ দুটি দল এখন মুখোমুখি অবস্থানে রয়েছে।
রাজনৈতিক সমঝোতা না হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসা সম্ভব নয় বলেও এরশাদ উল্লেখ করেন।
