প্রস্তাবিত বাজেট অবাস্তব ও দায়িত্বহীন: আওয়ামী লীগ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ শুক্রবার প্রস্তাবিত বাজেটকে অবাস্তব এবং দায়িত্বহীন উল্লেখ করে বলেছে, এ বাজেটে দুর্নীতি ও লুটপাটের নিশ্চিত ব্যবস্থা রাখা হয়েছে।
দলীয় সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ কথা বলা হয়।
নেতৃবৃন্দ বলেন, সরকার নিজেও এ বাজেট বাস্তবায়নের আশা করে না। তাই এটি একান্তই ধোঁকাবাজির বাজেট।
সভার সিধান্তে বলা হয়, সর্বোচ্চ থোক বরাদ্দ, বড় আকারের এডিপি এবং অননুমোদিত প্রকল্পের মাধ্যমে এই বাজেটে দুর্নীতি ও লুটপাটের ব্যবস্থা পাকাপাকি করা হয়েছে। আর্থিক শৃঙ্খলা বিধানের কোনো উদ্দেশ্যই এ বাজেটে প্রতিফলিত হয়নি।
দ্রব্যমূল্যের অত্যাচার থেকে জনগণকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থাই বাজেটে নেই। সময়মত কর রেয়াত না দিয়ে এই বাজেটে মজুতদার ও মুনাফাখোরদের সুযোগ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ বলেছে, বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ খাত উন্নয়ন ও অব্যবস্থাপনার বিষয়ে কোনো ফলপ্রসূ বা সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা হয়নি। বিদ্যুৎ খাত উন্নয়নে বাজেটে বরাদ্দ ৩ হাজার ৫’শ ৮৬ কোটি টাকা ক্ষমতাসীনদের লুটপাটের জন্যে দেওয়া থোক বরাদ্দের চেয়েও কম। এছাড়া স্থবির রেলপথ, অপর্যাপ্ত বন্দর ব্যবস্থাপনা, মান্ধাতা আমলের রাষ্ট্রীয় টেলিযোগাযোগ এবং বাংলাদেশ বিমানকে দুর্নীতিমুক্ত করতে উন্নয়ন ও সংস্কার বিষয়ে এই বাজেটে কোনো ফলপ্রসূ পদক্ষেপ নেই।
বৈঠকে আরো বলা হয়, বাজেটে শুধু ধনীদের জন্যে আয়কর রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের সমস্যা সমাধানের কোনো ইঙ্গিত বাজেটে নেই।
সভায় নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের জন্যে চলমান গণআন্দোলনের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বলা হয়, সরকার এ প্রস্তাব বাস্তবায়নে যত বিলম্ব করবে, সংকট ততই ঘনিভূত হবে। এর সকল দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
