২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সামনে রেখে জনগণকে ধোঁকা দিতেই ব্যর্থ জোটের বড় অংকের বাজেট, ওদের ঋণের জন্যে পরবর্তী সরকার সংকটে পড়বে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ পরিচালনায় ব্যর্থ দুর্নীতিবাজ সরকারের বাজেট হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোঁকা দেওয়ার বাজেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির চতুর্থ দিন বৃহস্পতিবার ধানমণ্ডির কার্যালয়ে ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, মাদারিপুর ও গোপালগঞ্জের জেলা, উপজেলা, থানা এবং ১ম শ্রেণীর পৌর এলাকাসমূহের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় শেখ হাসিনা এ কথা বলেন।

জনগণকে বিভ্রান্ত করতে দেওয়া বড় অংকের বাজেটের মোট বরাদ্দের দুই তৃতীয়াংশই বাস্তবায়িত হবে না। নীতিহীন জোট সরকারের বিশাল অংকের টাকার ঋণের কারণে পরবর্তী সরকার সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে জোট সরকার প্রশাসন ও সেনাবাহিনীতে দলীয়করণ ও গণবদলি করছে। হয়রানি করা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারিদের।

শেখ হাসিনা সুশীল সমাজের সৎ ও যোগ্য প্রার্থী আন্দোলনের কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, তারা দুর্নীতিবাজ বিএনপি নেতাদের অর্থের উৎসের খোঁজ নিচ্ছে না কেন? 

দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী হাওয়া ভবনের সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। জোট নেতা কর্মীরা দুর্নীতি করে জনগণের অর্থ সম্পদ লুট করছে। আর জনগণকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।   

শেখ হাসিনা বলেন, চারদলীয় জোট তাদের অপকর্মের জন্যে আগামী নির্বাচনে জনগণের ভোট পাবে না বলেই নির্বাচনে কারচুপির জন্যে বিভিন্ন ধরনের ফন্দি আঁটছে। আবারো ক্ষমতায় ফিরে আসতে তারা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালাচ্ছে।

তিনি আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সর্বাতœকভাবে সফল করা এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্যে চলমান সংগ্রাম ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে দলের সর্বস্তরের নেতা--কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগ প্রধান উপস্থিত নেতাদের কাছ থেকে তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ‘সরকারের অত্যাচার নির্যাতন’ সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি তাদের কাছ থেকে সংশ্লি¬ষ্ট আসনের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও জানতে চান।

উপস্থিত আওয়ামী নেতারা তাদের স্ব স্ব এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় কোন্দল সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন। তৃণমূল নেতাদের বক্তব্য ও সুপারিশের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন তিনি ।

আওয়ামী লীগ প্রধান তার দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দলকে সুগংগঠিত ও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। যে সকল স্থানে দলীয় অন্তর্কোন্দল ও ভুল বোঝাবুঝি রয়েছে, সেগুলো মিটিয়ে ফেলতে হবে।

দলীয় অন্তর্কোন্দল মিটিয়ে সরকারবিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেয়ার পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্যে দলের তৃণমূল নেতাদের নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা বলেন, নির্বাচনে জিততে হলে আমাদের আন্দোলনে জিততে হবে।

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে দল যাদের মনোনয়ন দেবে, তার সঙ্গেই কাজ করতে হবে। মানুষের কাছে যেতে হবে। জোটের দুর্নীতি ও দুঃশাসনের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।

বিরোধী দলীয় নেতা ১৪ দলের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আওয়ামী লীগ সভানেত্রী তার ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের নেতাদের সঙ্গে সভা করবেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি ১৪ জুন বরিশাল মহানগর, বরিশাল, ঝালকাঠী ও ভোলা এবং ১৫ পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনার তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় করবেন।

এছাড়া ১৬ জুন চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার, ১৭ জুন নোয়াখালী, ফেনী ও চাঁদপুর এবং ১৯ জুন রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা।