২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে জ্বালানি তেলের মূল্য বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বাজেট বক্তৃতায় বৃহস্পতিবার বলেছেন, বাস্তবসম্মত উপায়ে জ্বালানির অভ্যন্তরীণ মূল্যের সামঞ্জস্য বিধান ছাড়া সরকারের হাতে কোনও বিকল্প নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০০৬--০৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে বলেন, বিশ্ববাজারের সাথে  পেট্রোলিয়ামজাত পণ্যের অভ্যন্তরীণ মূল্যের সামঞ্জস্য না থাকায় সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।

বিশেষজ্ঞরা তার এ বক্তব্যকে আগামীতে তেলের মূল্য বাড়ানোর ইঙ্গিত বলে ধরে নিয়েছেন।

পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোসহ অন্যান্য দেশ ইতোমেধ্যে জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে।

তিনি বলেন, আমদানি মূল্যের চেয়ে অভ্যন্তরীণ বাজারে কম মূল্যে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রি করায় দেশের একমাত্র পেট্রোলিয়াম আমদানি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওপর চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

অর্থমন্ত্রী বলেন, এ বছরের এপ্রিলের মধ্যে বিভিন্ন ব্যাংকে বিপিসি’র ঋণের পরিমাণ ১০ হাজার ৫০০ কোটিতে দাঁড়িয়েছে। এতে দেশের ব্যাংকিং খাতে তারল্য সঙ্কটের সৃষ্টি হয়েছে। সরকারি বাজেট থেকে ব্যাংকগুলোকে অর্থ সহায়তার মাধ্যমে আমি সাময়িকভাবে এ পরিস্থিতি সামাল দেওয়ার পদক্ষেপ নিয়েছি।

সাইফুর রহমান জানান, বাজেট প্রণয়নকালে তিনি দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন এবং তারা জ্বালানি তেলের দাম বাড়ানোর অনিবার্যতার ব্যাপারে একমত প্রকাশ করেছেন।