২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট নিয়ে বিসিআই সভাপতির মিশ্র প্রতিক্রিয়া

জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ঘোষিত ২০০৬--০৭ অর্থবছরের বাজেট সম্পর্কে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি একে আজাদ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তিনি বলেন, শিল্প ও শিল্পায়নের স্বার্থে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি অপরিহার্য। কিন্তু বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা সমাধানে কোনো ধরনের পদক্ষেপ অনুপস্থিত। এতে বিভিন্ন প্রকল্পে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা সংকট নিরসনে যথেষ্ট নয়।

তিনি বলেন, বাজেটে ভোটার তুষ্টির জন্যে অনেক প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর কোনো প্রয়োজন নেই। এলাকার উন্নয়নে মন্ত্রী ও সাংসদদের জন্যে থোক বরাদ্দের অর্থও অর্থনৈতিক উন্নয়নে কোনো কাজে আসবে না।

তবে তিনি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ, বয়স্ক, বিধবা, অসহায় ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণে ১০০ কোটি টাকার পুন:অর্থায়ন স্কিম, তৈরি পোশাক, টেক্সটাইল, হোসিয়ারি, লেবেল এবং টেরিটাওয়াল শিল্পের ব্যবহৃত যন্ত্রাংশ এবং বর্জ্য পানি পরিশোধন প্ল্যান্টের জন্যে সকল শুল্ককর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানান।