গার্মেন্টস পরিস্থিতি, গণগ্রেপ্তার ও সাংবাদিক নির্যাতন নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা
ঢাকা ও সাভারসহ বিভিন্ন স্থানে গার্মেন্টস কারখানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ, বিরোধী দলের ঢাকা অবরোধ কর্মসূচীকে সামনে রেখে পুলিশের গণগ্রেপ্তার এবং চট্টগ্রাম ও কুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতন নিয়ে বুধবার সংসদে উত্তপ্ত বিতর্ক হয়।
ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে বুধবার উদ্বোধনী দিন সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে আওয়ামী লীগ সাংসদ আব্দুর রাজ্জাক পয়েন্ট অব অর্ডারে বক্তব্য শুরু করেন।
এরপর পর্যায়ক্রমে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপির অধ্যাপক শহীদুল ইসলাম, আওয়ামী লীগের অ্যাডভোকেট রহমত আলী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির ফজলুল হক মিলন, ইলয়াস আলী আলোচনায় অংশ নেন।
পরে সাভারসহ বিভিন্ন স্থানে গার্মেন্টস কারখানায় হামলার ঘটনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান সংসদে ৩০০ বিধিতে একটি বিবৃতি দেন।
পয়েন্ট অব অর্ডারে অব্দুর রাজ্জাক বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ১২টি বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে মুলতবি প্রস্তাবের জন্য সময় চাওয়া হয়। কিন্তু তা গ্রহণ করা হয়নি। জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ পাওয়া না গেলে বিরোধী দলের সংসদে এসে লাভ কি?
তিনি কুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতনের ঘটনার তদন্ত ও এ বিষয়ে সরকারের বিবৃতি দাবি করেন।
শেখ ফজলুল করিম সেলিম গার্মেন্টসে হামলার ঘটনায় বিচার বিভাগীয় এবং সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
সুরঞ্জিত সেন গুপ্ত আদালতের নিষেধাজ্ঞা ও মামলা বিচারাধীন থাকা অবস্থায় আবারো গণগ্রেপ্তারের সমালোচনা করে বলেন, আন্দোলন বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। আর তা নিয়ে সরকার ও পুলিশ গ্রেপ্তার বাণিজ্য শুরু করেছে।
অধ্যাপক শহীদুল ইসলাম কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলার সাথে তার জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, --- বিএনপি নামধারী মিঠু চৌধুরী এ হামলা করেছে। যদিও ওই সমাবেশে কোনো সাংবাদিক ছিলনা।
