২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের কার্যসূচি শুরুর আগেই নবনির্বাচিত সাংসদের পরিচিতি পর্ব নিয়ে সংসদ উত্তপ্ত

জাতীয় সংসদের ২২তম অধিবেশনের শুরুতেই বুধবার রীতি--বহির্ভূতভাবে নবনির্বাচিত এক সাংসদকে পরিচিত করা এবং তার বক্তব্য রাখাকে কেন্দ্র করে সংসদের বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সূত্র জানায়, দিনের কার্যসূচিতে প্রবেশের আগেই স্পিকার আখতার হামিদ সিদ্দিকী গাইবান্ধা থেকে নির্বাচিত সাংসদ শামীম কায়সারকে সংসদে পরিচয় করিয়ে দেন এবং তাকে বক্তব্য রাখার সুযোগ দেন। এ সময় বিরোধী দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, আখম জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা এর প্রতিবাদ জানান।

বিরোধী দলের আপত্তির কারণে শামীম কায়সার তার বক্তব্য অব্যাহত রাখলেও এক পর্যায়ে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে।

সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ফ্লোর নিয়ে জানান, দিনের কার্যসূচি শুরুর পর যে কোনো সময়ে নবনির্বাচিত সদস্যকে সংসদে পরিচিত করার রীতি থাকলেও কার্যসূচি শুরুর আগে এ ধরনের পরিচিতি পর্ব সংসদের ইতিহাসে নজীরবিহীন ঘটনা।

পরে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ তার বক্তব্য সমর্থন করে বলেন, এটি রীতি বহির্ভূতভাবে করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার জন্যে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ব্যাপারে স্পিকার আখতার হামিদ সিদ্দিকী তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, সংসদ সচিবালয় থেকেই তাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। এটি রীতি বহির্ভূত হলে তা সংশোধন করা হবে বলে তিনি জানান।