২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াদা ভঙ্গকারী প্রধানমন্ত্রী চাকরি জাতীয়করণ না করে শিক্ষকদের ধোঁকা দিয়েছেন: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘ওয়াদা ভঙ্গকারী ও দুর্নীতি--লুটপাটের মুল হোতা’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বেসরকারি প্রাথমিক শিক্ষকদের দাবি না মেনে বেতন ভাতা শতকরা পাঁচ ভাগ বাড়ানোর কথা বলে যেন ভিক্ষা দিলেন তিনি। প্রধানমন্ত্রী চাকরি জাতীয়করণ না করে ধোঁকা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার ধানমণ্ডির কার্যালয়ে ঢাকা বিভাগের ময়মনসিংহ ও কিশোরগঞ্জের জেলা, উপজেলা, থানা এবং ১ম শ্রেণীর পৌর এলাকাসমূহের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এখনকার প্রধানমন্ত্রী আমাদের শাসনামলে বলেছিলেন, তারা ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের দাবি অনুযায়ী বেতন ভাতা বাড়ানো হবে। চাকরি জাতীয়করণ করা হবে। কিন্তু এখন প্রধানমন্ত্রীর ঘোষণা শিক্ষকদের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হাওয়া ভবনের সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে নিজে এবং তার মন্ত্রীদের বেতন বাড়িয়েছেন। নিজে একাধিক সরকারি বাড়ি নিয়েছেন। কিন্তু শিক্ষকদের ব্যাপারে তার এতো কার্পণ্য কেন?  

তিনি আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সর্বাতœকভাবে সফল করা এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্যে চলমান সংগ্রাম ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে দলের সর্বস্তরের নেতা--কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগ প্রধান তার দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দলকে সুগংগঠিত ও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। যে সকল স্থানে দলীয় অন্তর্কোন্দল ও ভুল বোঝাবুঝি রয়েছে, সেগুলো মিটিয়ে ফেলতে হবে।

দলীয় অন্তর্কোন্দল মিটিয়ে সরকারবিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেয়ার পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্যে দলের তৃণমূল নেতাদের নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে দল যাদের মনোনয়ন দেবে, তার সঙ্গেই কাজ করতে হবে। মানুষের কাছে যেতে হবে। জোটের দুর্নীতি ও দুঃশাসনের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।

তিনি বলেন, মহাজোট গঠনের লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনের প্রার্থী বাছাই করা হবে। এক্ষেত্রে অনেককে ছাড় দিতে হতে পারে। তাই ত্যাগের মনোভাব নিয়ে দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর জন্যে সকলকে একযোগে কাজ করতে হবে। সিদ্ধান্তের বাইরে গেলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শেখ হাসিনা তৃণমূল নেতাদের হুঁশিয়ার করে বলেন, মনোনীত প্রার্থীর ব্যাপারে কারও কোনো বক্তব্য থাকলে তা সাংগঠনিকভাবে জানাতে হবে। কোনো অবস্থাতেই দলের শৃংখলা ভঙ্গ করা যাবে না। 

তিনি উপস্থিত নেতাদের কাছ থেকে তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ‘সরকারের অত্যাচার নির্যাতন’ সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি তাদের কাছ থেকে সংশ্লিষ্ট আসনের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও জানতে চান।

উপস্থিত আওয়ামী নেতারা তাদের স্ব স্ব এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় কোন্দল সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন।

টানা সাত ঘন্টা ধরে অনুষ্ঠিত এ সভায় তৃণমূল নেতাদের বক্তব্য ও সুপারিশের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন তিনি ।

শেখ হাসিনা বলেন, চারদলীয় জোট তাদের অপকর্মের জন্যে আগামী নির্বাচনে জনগণের ভোট পাবে না বলেই নির্বাচনে কারচুপির জন্যে বিভিন্ন ধরনের ফন্দি আঁটছে। আবারো ক্ষমতায় ফিরে আসতে তারা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালাচ্ছে।

বিরোধী দলীয় নেতা ১৪ দলের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেখ হাসিনা বলেন, নির্বাচনে জিততে হলে আমাদের আন্দোলনে জিততে হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।