দায়িত্বশীল ভুমিকা পালনে সরকারকে স্কপের আহবান
শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) নেতৃবৃন্দ রোববার প্রধান রাজনৈতকি শক্তির যারা ক্ষমতায় রয়েছে এবং যারা ক্ষমতায় যেতে চায় তাদের সকলকেই হুশিয়ার করে দিয়ে বলেছেন, শ্রমিকের ন্যায্য দাবি এড়িয়ে গেলে কারো পক্ষেই ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতায় আসা সম্ভব হবে না।
জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে স্কপ নেতৃবর্গ ক্ষমতা ও ক্ষমতার বাইরে সকল রাজনৈতিক দল, সরকার ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে শিল্পের স্বার্থে শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের আহবান জানান।
তারা গার্মেন্টস খাতের অন্যতম দাবি ন্যুনতম ৩০০০ টাকা মজুরি নির্ধারণ এবং ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ নিয়োগপত্র, নির্দিষ্ট কর্মঘন্টা ও ছুটির সকল দাবি মেনে নেওয়ার জন্রে সরকারের প্রতি আহবান জানান।
এছাড়াও তারা শ্রমিক কর্মচারির বিরুদ্ধে দুর্ব্যবহারের কারণে ডিইপিজেড এর চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তার অপসারণও দাবি করেন।
তৈরি পোশাক শিল্পের সাম্প্রতিক অস্থিরতার কারণে বেশকিছু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) বন্ধ ঘোষণার প্রেক্ষিতে স্কপ নেতারা সরকারকে মালিক পক্ষের দ্বারা প্রভাবিত না হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
তারা বলেন, প্রতিদিন শ্রম আইন ভঙ্গ করেও আমাদের দেশের মালিক পক্ষ কখনোই শাস্তি ভোগ করে না। সরকার ও সকল রাজনৈতিক শক্তির উপলব্দি করতে হবে শ্রমিক শ্রেণীর সমর্থন ছাড়া ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।
বক্তারা গার্মেন্টস সেক্টরে উদ্বুত পরিস্থিতি মোকাবেলায় সেখানে ট্রেড ইউনিয়ন অধিকার, মানসম্মত মজুরি, যৌথ দর কষাকষি এজেন্ট (সিবিএ) গঠন করার ওপর জোর দেন।
স্কপ নেতা ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, মোখলেসুর রহমান, আব্দুল কাদের হাওলাদার, শফিকুর রহমান মজুমদার, কাশেম চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
