শ্রমিক-বিরোধী সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করা হবে: আব্দুর রাজ্জাক এমপি
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বৃহস্পতিবার বলেছেন, দেশের কৃষক ও শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়া জোট সরকারকে অবশ্যই ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করা হবে।
নগরীর বঙ্গবন্ধু অ্যাভিন্যুতে আয়োজিত এক শ্রমিক সমাবেশে বক্তব্যদানকালে তিনি বলেন, ক্ষমতাসীন সরকার উল্লেখযোগ্য সংখ্যক কারখানা বন্ধ করে সকল ক্ষেত্রেই শ্রমিকদের স্বার্থ বিরোধী কাজ করেছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচীর সমর্থনে বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ (বিসিডব্লিউএল) ওই সমাবেশের আয়োজন করে।
আব্দুর রাজ্জাক ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচী সফল করার জন্য কর্মী ও শ্রমিকদের প্রতি আহবান জানান।
সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান সিরাজ এবং ঢাকা সিটি আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম।
